শিলিগুড়ি, ১২ মার্চঃ সরকারি বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, নির্ধারিত বৈধ ফি কাঠামো চালু করা এবং অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়িতে এসডিও অফিস অভিযানে নামল এসএফআই (স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া) দার্জিলিং জেলা কমিটি। ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচি সংগঠিত করা হয়। তবে এসডিও অফিসে পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা। পরে অফিসের মূল ফটকের সামনে বসে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা।
এসএফআইয়ের দাবি, রাজ্যের বহু সরকারি বিদ্যালয়ে এখনও পর্যাপ্ত পরিকাঠামোর অভাব রয়েছে। অনেক জায়গায় শ্রেণিকক্ষের সংকট, পানীয় জলের সমস্যা এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রীর ঘাটতি রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার মান উন্নত করতে অবিলম্বে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে দাবি সংগঠনের।
এছাড়াও ছাত্রছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগও তুলে ধরেন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, নির্দিষ্ট ও স্বচ্ছ ফি কাঠামো চালু করতে হবে এবং তার বাইরে কোনও ধরনের অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে।
এদিন বিক্ষোভকারীরা বিশেষভাবে চা বাগান এলাকার ছাত্রছাত্রীদের সমস্যা তুলে ধরেন। তাঁদের দাবি, ওইসব এলাকার ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সরকারি স্কলারশিপ ও স্টাইপেন চালু করতে হবে। পাশাপাশি শিক্ষার উন্নতির স্বার্থে চা বাগান অধ্যুষিত এলাকার জন্য একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করারও দাবি জানানো হয়।
এসএফআইয়ের সদস্যদের অভিযোগ, বর্তমানে গণপরিবহনের ভাড়া বেড়ে যাওয়ায় বহু ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে যেতে সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই ছাত্রছাত্রীদের জন্য গণপরিবহনে বিশেষ ভাড়ার ছাড় চালু করার দাবি জানান তারা।
এসডিও অফিসে পৌঁছালে প্রথমে বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেয় পুলিশ। অভিযোগ, অফিসের মূল গেট বন্ধ করে দেওয়া হয় এবং ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপর এসএফআই কর্মীরা এসডিও অফিসের গেটের সামনে বসে বিক্ষোভ শুরু করেন। কিছু সময় ধরে সেখানে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
পরে সংগঠনের নেতারা পুলিশের সঙ্গে আলোচনা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এসএফআই নেতৃত্ব জানায়, তাদের দাবিগুলি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।





