খবরিয়া ২৪ ডেস্ক, ৯ মার্চঃ কেরলে ভোটের আবহে সিপিআইএম-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। তাঁর অভিযোগ, সিপিআইএম এবং বিজেপি আসলে একসঙ্গেই কাজ করছে। এমনকি দুই দলকে একত্রে কটাক্ষ করে তিনি বলেন, “ওরা সিপিএম বা বিজেপি নয়, ওরা আসলে ‘সিজেপি’।” রাহুলের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে।
কেরলে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী দাবি করেন, বিজেপির বিরুদ্ধে দেশের বিভিন্ন বিরোধী নেতাদের উপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি লাগাতার চাপ সৃষ্টি করছে। অথচ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং তাঁর পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে ৩৬টি মামলা করা হয়েছে, ৫৫ ঘণ্টা ধরে আমাকে জেরা করা হয়েছে। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রী বা তাঁর পরিবারের বিরুদ্ধে এত অভিযোগ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থাগুলি নীরব।”
রাহুল আরও বলেন, আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি মনে করেন, যেমনভাবে ডোনাল্ড ট্রাম্প নাকি নরেন্দ্র মোদী -কে প্রভাবিত করেন, তেমনভাবেই নরেন্দ্র মোদী কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে নিয়ন্ত্রণ করেন। তাঁর অভিযোগ, কেরলে বিজেপি এবং সিপিআইএম একসঙ্গে রাজনৈতিকভাবে কাজ করছে।
এদিকে, কেরলে বাম সরকারকে ঘিরে দুর্নীতির অভিযোগও তুলে ধরেন রাহুল। বিশেষ করে মুখ্যমন্ত্রী বিজয়নের মেয়ে বীণার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের প্রসঙ্গ টানেন তিনি।
প্রসঙ্গত, বিজেপিকে হারানোর লক্ষ্যে বিরোধী দলগুলির তৈরি করা ইন্ডিয়া জোটে এখনও কংগ্রেস এবং সিপিআইএম দুই দলই রয়েছে। কিন্তু কেরলের মাটিতে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধে রাহুলের এই আক্রমণ রাজনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। এর আগে কেরলে বিজেপি ও বামেদের ‘যোগসাজশ’ নিয়ে সরব হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার রাহুল গান্ধীর মন্তব্যে সেই বিতর্কই আরও উসকে উঠল।





