খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ ঘনিষ্ঠ মুহূর্তে হঠাৎ অস্বস্তি, ব্যথা কিংবা রক্তপাত অনেক মহিলাই যোনি শুষ্কতার সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জা বা সংকোচে মুখ খুলতে চান না। চিকিৎসকদের মতে, যোনি থেকে স্বাভাবিকভাবে নিঃসৃত তরল যোনিপথকে আর্দ্র ও নমনীয় রাখে। কোনও কারণে এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটলে দেখা দেয় শুষ্কতা, যার ফলে যৌন মিলনে ব্যথা, অস্বস্তি এবং অনীহা তৈরি হতে পারে। এতে দাম্পত্য সম্পর্কেও প্রভাব পড়ে।
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যার অন্যতম প্রধান কারণ শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে যাওয়া। মেনোপজ, সন্তান জন্মের পর স্তন্যদান, দীর্ঘ অসুস্থতা কিংবা অতিরিক্ত মানসিক চাপের ফলে ইস্ট্রোজেনের মাত্রা হ্রাস পেতে পারে। এছাড়া অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টিডিপ্রেসেন্ট জাতীয় কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াতেও যোনি শুষ্কতা দেখা দেয়। তাই এমন সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
চিকিৎসকেরা জানান, যোনি শুষ্কতার ফলে সহবাসের পরে রক্তপাত, প্রস্রাবে জ্বালা, চুলকানি, এমনকি ঘন ঘন সংক্রমণের ঝুঁকিও বাড়ে। অনেক সময় দুর্গন্ধের সমস্যাও দেখা দেয়। পরিস্থিতি গুরুতর হলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হতে পারে। পাশাপাশি যোনি ময়েশ্চারাইজার বা লুব্রিকেন্ট ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা, যা সাময়িক স্বস্তি দেয়।
জীবনযাপনের পরিবর্তনেও উপকার মেলে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, সয়া জাতীয় খাদ্য, পর্যাপ্ত জলপান ও ফলমূল খাওয়া উপকারী। হালকা ব্যায়াম ও পেলভিক ফ্লোর এক্সারসাইজ রক্তসঞ্চালন বাড়িয়ে উপকার করতে পারে। তবে বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ঘরোয়া পদ্ধতি ব্যবহার না করাই ভালো।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা জরুরি। সঙ্গীর সহানুভূতি ও সমর্থন দাম্পত্যের বন্ধনকে মজবুত রাখে এবং সমস্যার সমাধানে সাহায্য করে।





