নয়াদিল্লী, ২৮ নভেম্বরঃ ভোটার তালিকা থেকে নির্বাচনী প্রক্রিয়া বিভিন্ন বিষয়ে বিরোধীদের অভিযোগের মুখে রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁকে অপসারণের দাবিতে বিরোধীদের তরফে প্রস্তাব আনার উদ্যোগও হয়েছে। এ বার কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস আইন ঘিরে নতুন করে আলোচনায় তাঁর ভূমিকা। বিলটি পাশ হলে লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারণের দায়িত্ব পাবে একটি ডিলিমিটেশন কমিশন। আর সেই কমিশনের সদস্য হিসাবে পদাধিকার বলে অন্তর্ভুক্ত হবেন মুখ্য নির্বাচন কমিশনার। ফলে গোটা প্রক্রিয়ায় জ্ঞানেশ কুমারের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
কেন্দ্রের প্রস্তাবিত বিলের খসড়া অনুযায়ী, ডিলিমিটেশন কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের কোনও কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি। পাশাপাশি পদাধিকার বলে কমিশনের সদস্য থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার। সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনারদেরও কমিশনে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। অর্থাৎ বিলটি আইনে পরিণত হলে নির্বাচন কমিশনের শীর্ষ পদে থাকা আধিকারিকদেরও আসন পুনর্বিন্যাসের কাজে সরাসরি ভূমিকা থাকবে।
কী কাজ করবে এই কমিশন? কোন বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত হবে কোন কোন এলাকা, কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত হবে একটি লোকসভা কেন্দ্র সেই সিদ্ধান্ত নেবে কমিশন। পাশাপাশি মহিলাদের জন্য এবং তফসিলি জাতি ও উপজাতির জন্য কোন কোন আসন সংরক্ষিত থাকবে, তা-ও নির্ধারণ করা হবে এই প্রক্রিয়ায়। ফলে কেন্দ্র ও রাজ্যের নির্বাচনী মানচিত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে।
কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ডিলিমিটেশন কমিশনের রিপোর্ট জমা পড়ার কথা। সেই সময়সীমার সঙ্গে জ্ঞানেশ কুমারের মুখ্য নির্বাচন কমিশনার পদে মেয়াদের বিষয়টিও আলোচনায় এসেছে। প্রস্তাবিত সময়সূচি কার্যকর হলে আসন পুনর্বিন্যাসের গুরুত্বপূর্ণ পর্যায় তাঁর কার্যকালের মধ্যেই পড়তে পারে।
বিরোধীদের আপত্তির মূল জায়গা এখানেই। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আগে থেকেই শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে বিরোধী শিবির। সেই অভিযোগের প্রেক্ষিতেই ডিলিমিটেশন কমিশনে তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের আশঙ্কা, কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে কোনও রাজনৈতিক দলকে সুবিধা করে দেওয়ার মতো করে জনবিন্যাস ও নির্বাচনী এলাকার সীমানা সাজানো হতে পারে। আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের কৌশলকে বলা হয় ‘জেরিম্যান্ডারিং’।
তবে বিরোধীদের এই আশঙ্কা এখনও অভিযোগের স্তরেই রয়েছে। প্রস্তাবিত বিলের চূড়ান্ত রূপ, কমিশনের গঠন এবং তার কাজের পদ্ধতি সবই নির্ভর করছে পরবর্তী আইনি ও সংসদীয় প্রক্রিয়ার উপর। আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা কী ভাবে নিশ্চিত করা হবে, এখন সেই প্রশ্নই সামনে।





