কলকাতা, ২৮ নভেম্বরঃ বাড়িতে বিয়ের আয়োজন চলছে। আত্মীয়স্বজনের ভিড়, পুরোহিতের মন্ত্রোচ্চারণ, চারদিকে উৎসবের আবহ। কিন্তু পাত্র কিংবা পাত্রীর বয়স ১৮ বা ২১ বছরের নির্ধারিত সীমার নীচে হলেই সেই বিয়ের আয়োজন হয়ে উঠতে পারে আইনি বিপদের কারণ। বাল্যবিবাহ রুখতে এবার শুধু পরিবারের সদস্যদের নয়, বিয়েতে পৌরোহিত্য করা ব্যক্তিদেরও আইনের আওতায় আনার পথে হাঁটছে কলকাতা পুলিশ। নাবালক-নাবালিকার বিয়েতে পুরোহিত বা অন্য কোনও ধর্মীয় ব্যক্তির সক্রিয় ভূমিকার প্রমাণ মিললে তাঁদের বিরুদ্ধেও মামলা হতে পারে। এমনকি প্রয়োজনে গ্রেপ্তারও করা হতে পারে।
শুক্রবার অপরাধ দমন সংক্রান্ত বৈঠকে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা এই বিষয়ে কড়া বার্তা দিয়েছেন। লালবাজারের শীর্ষ আধিকারিক এবং শহরের প্রত্যেক থানার ওসি-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রেও কোনও রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোনও এলাকায় নাবালক-নাবালিকার বিয়ের আয়োজন হচ্ছে বলে খবর পেলেই দ্রুত পদক্ষেপ করতে হবে।
লালবাজার সূত্রে খবর, শহরের প্রত্যেক থানাকে নিজেদের এলাকার পুরোহিত এবং অন্যান্য ধর্মের যাঁরা বিয়ের পৌরোহিত্য বা ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন, তাঁদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে বাল্যবিবাহ নিষেধ আইন এবং সংশ্লিষ্ট আইনি বিধানগুলি সম্পর্কে বিস্তারিত জানাতে হবে। নাবালকের বিয়ে সম্পন্ন করানোর ক্ষেত্রে কী ধরনের আইনি শাস্তির মুখে পড়তে হতে পারে, তা-ও স্পষ্ট করে বোঝাতে বলা হয়েছে। অর্থাৎ, বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াইয়ে এবার ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও সচেতন করার উদ্যোগ নিচ্ছে পুলিশ।
শুধু তাই নয়, স্কুলগুলিতেও বিশেষ সচেতনতা কর্মসূচি চালানোর নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। বাল্যবিবাহের অভিযোগ যে সব এলাকা থেকে তুলনামূলক বেশি আসে, সেখানে বাড়তি নজরদারি চালাতে বলা হয়েছে। থানার বিট অফিসারদের নিয়মিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে বাল্যবিবাহের প্রবণতা সম্পর্কে খোঁজখবর নিতে হবে। কোথাও গোপনে নাবালক বা নাবালিকার বিয়ের প্রস্তুতি চলছে কি না, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
এ দিনের বৈঠকে অবশ্য শুধু বাল্যবিবাহ নয়, শহরের অন্যান্য অপরাধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন লালবাজারের কর্তারা। বিশেষ করে সাইবার জালিয়াতির বাড়বাড়ন্ত ঠেকাতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে। অনলাইন প্রতারণার বিভিন্ন কৌশল এবং সাইবার অপরাধীদের ফাঁদ থেকে কীভাবে বাঁচতে হবে, তা বোঝাতে আরও বেশি সংখ্যায় বিট মিটিং করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।
পাশাপাশি শহরে চুরি-সহ কয়েকটি অপরাধের প্রবণতা নিয়েও পুলিশ আধিকারিকদের সতর্ক করা হয়েছে। অপরাধের ধরন ও প্যাটার্ন বিশ্লেষণ করে কীভাবে তা নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।
সব মিলিয়ে বাল্যবিবাহ থেকে সাইবার প্রতারণা, শহরের অপরাধ নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। তবে বাল্যবিবাহের ক্ষেত্রে পুরোহিতদের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ বিশেষ তাৎপর্যপূর্ণ। সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এই সামাজিক ব্যাধি রোখার বার্তা দিল লালবাজার।





