কোচবিহার, ২৪ নভেম্বরঃ রাজা নেই, রাজতন্ত্র নেই। কিন্তু রাজ আমলের ঐতিহ্য আজও অমলিন। সেই ঐতিহ্যের টানেই রাস পূর্ণিমায় ফের উৎসবের রঙে সেজে উঠেছে কোচবিহারের মদনমোহন বাড়ি। মন্দির চত্বরে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। ভক্তদের অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের, যখন ঘুরবে শতাব্দীপ্রাচীন ঐতিহ্যের প্রতীক রাসচক্র। আজ সন্ধ্যা ৭টায় রাসচক্র ঘুরিয়ে মদনমোহন দেবের রাসযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব। এদিন রাজকীয় সাজে তাঁকে পুজোয় বসানো হবে।
ইতিহাসের পাতা বলছে, কোচবিহারের রাজ আমলে রাস উৎসবের সূচনা করতেন স্বয়ং মহারাজারা। তাঁদের হাত ধরেই রাসচক্র ঘোরানোর প্রথা চালু ছিল। সময়ের সঙ্গে রাজতন্ত্রের অবসান হয়েছে। কিন্তু হারিয়ে যায়নি সেই পরম্পরা। বর্তমানে দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি হিসেবে জেলাশাসকই এই দায়িত্ব পালন করেন। রাজকীয় আচার মেনেই সম্পন্ন হয় রাসচক্র ঘোরানোর অনুষ্ঠান।
এ বারের উৎসবকে ঘিরে বাড়তি আকর্ষণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি। আগামীকাল তাঁর রাসচক্র ঘোরানোর কথা রয়েছে। পাশাপাশি ঐতিহ্যবাহী রাসমেলারও উদ্বোধন করবেন তিনি। ফলে রাস উৎসবের পাশাপাশি মেলাকে কেন্দ্র করেও কোচবিহার শহরে এখন উৎসবের প্রস্তুতি তুঙ্গে।
তবে মদনমোহন বাড়ির রাসচক্রের মাহাত্ম্য শুধু ধর্মীয় বিশ্বাসে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক ব্যতিক্রমী ইতিহাস। কারণ, হিন্দু দেবতার রাস উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ এই চক্র তৈরি করেন একটি মুসলিম পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুজোর দিন থেকেই নিরামিষ আহার করে নিষ্ঠার সঙ্গে রাসচক্র তৈরির কাজে হাত লাগান তাঁরা।
এক সময়ে এই দায়িত্ব সামলাতেন আলতাফ মিয়া। বর্তমানে তাঁর ছেলে আমিনুর হোসেন বংশপরম্পরায় সেই কাজ চালিয়ে যাচ্ছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই দায়িত্ব পালন করে আসছে পরিবারটি। রাসচক্র তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁদের নিষ্ঠা, বিশ্বাস এবং পারিবারিক ঐতিহ্য।
কোচবিহারের রাস উৎসব তাই নিছক একটি ধর্মীয় অনুষ্ঠান নয়। রাজপরিবারের ইতিহাস, মদনমোহন দেবের আরাধনা এবং এক মুসলিম পরিবারের হাতে তৈরি রাসচক্র সব মিলিয়ে এই উৎসব হয়ে উঠেছে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। সন্ধ্যায় যখন ঘুরবে সেই ঐতিহ্যবাহী চক্র, তখন তার সঙ্গে আবর্তিত হবে কয়েক প্রজন্মের বিশ্বাস ও ইতিহাসও। ধর্মের পরিচয় আলাদা হলেও ঐতিহ্যের বন্ধনে যে সবাই এক, কোচবিহারের রাসযাত্রা প্রতি বছর সেই বার্তাই পৌঁছে দেয়।





