কলকাতা, ২৩ নভেম্বরঃ সরকারি চাকরির পরীক্ষায় বসার স্বপ্ন দেখেন, অথচ আবেদন ফি-র বোঝা সামলাতে গিয়ে পিছিয়ে আসতে হয় অনেক চাকরিপ্রার্থীকে। এ বার সেই বাধাও সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি চাকরির আবেদনে আর কোনও ফি দিতে হবে না। আবেদন ফি সম্পূর্ণ মকুবের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান তিনি। স্বাভাবিক ভাবেই সরকারের এই ঘোষণায় খুশি চাকরিপ্রার্থীদের একাংশ।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, চাকরির নামে টাকা নেওয়া অপরাধ এবং সংকীর্ণতার পরিচয়। তাঁর কথায়, কলেজ সার্ভিস কমিশনের সাধারণ বিভাগের আবেদনে সবচেয়ে বেশি ফি দিতে হয়। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রেও আবেদন করতে খরচ হয় ৫০০ টাকা। বেকার যুবক-যুবতীদের আর সেই টাকা দিতে হবে না। আবেদন সংক্রান্ত খরচ বহন করবে রাজ্য সরকারই। ফলে আর্থিক কারণে যাতে কেউ সরকারি চাকরির পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুধু আবেদন ফি মকুব নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও একাধিক ঘোষণা করেছে রাজ্য সরকার। এ দিনের মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য-সহ বিভিন্ন সরকারি দফতরে মোট ১০ হাজার ১৪৭ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু নিয়োগ হবে চুক্তিভিত্তিক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের লক্ষ্য মোট এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
এ ছাড়াও ডিসেম্বর মাসে ১ হাজার ৩৩১ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জানুয়ারির মধ্যে দফায় দফায় নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, নির্বাচনের আগে বেকারত্ব দূর করা এবং সরকারি নিয়োগে গতি আনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সরকারি চাকরির বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। গ্রুপ এ-তে আবেদনের বয়সসীমা ৪১, গ্রুপ বি-তে ৪৪ এবং গ্রুপ সি ও ডি-তে ৪৫ বছর করা হয়েছে বলে জানানো হয়। বয়সসীমা বৃদ্ধির পর এ বার আবেদন ফি মকুবের সিদ্ধান্ত। ফলে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া যুবক-যুবতীদের কাছে নতুন করে আশার বার্তা পৌঁছল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। তবে নিয়োগের ঘোষণাগুলি বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, এখন সেদিকেই নজর চাকরিপ্রার্থীদের।




