হাওড়া, ১৭ নভেম্বরঃ জন্মদিনের পার্টি। চারদিকে উৎসবের আবহ। তারই মধ্যে আচমকা আগ্নেয়াস্ত্রের গর্জন! পরপর তিন রাউন্ড গুলি চলার অভিযোগ উঠল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার জেলিয়া পাড়ায়। গুলিবিদ্ধ হয়ে জখম হলেন এক যুবক। এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত রোহিত চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শৈলেন্দ্র নাথ বোস লেনের জেলিয়া পাড়ার বাসিন্দা রোহিতের বাড়িতেই সোমবার রাতে জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিতদের উপস্থিতিতে চলছিল উদ্যাপন। অভিযোগ, সেই পার্টির মধ্যেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র। তার পরেই ঘটে বিপত্তি। গুলিবিদ্ধ হন কুশল জয়সওয়াল নামে এক যুবক। গুলিটি তাঁর পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় রোহিতকে।
প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে যে তথ্য উঠে এসেছে, তাতে পার্টির মধ্যে আগ্নেয়াস্ত্র পরীক্ষা করা হচ্ছিল বলে জানা গিয়েছে। অভিযোগ, রোহিত শূন্যে গুলি চালাচ্ছিলেন। সেই সময় ছোড়া গুলির একটি কোনও ভাবে গিয়ে লাগে কুশলের পায়ে। তবে ঠিক কী পরিস্থিতিতে গুলি চলেছিল, তা এখনও তদন্তসাপেক্ষ।
ঘটনাকে ঘিরে আরও এক চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ। তাদের বক্তব্য, গুলি চলার সময় পার্টিতে উপস্থিত ব্যক্তিদের সকলেই অপরাধ জগতের সঙ্গে যুক্ত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। যদিও তাঁদের প্রত্যেকের ভূমিকা এবং পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।
এখন তদন্তকারীদের সামনে একাধিক প্রশ্ন। জন্মদিনের পার্টিতে আগ্নেয়াস্ত্র এল কোথা থেকে? সেটি কি বৈধ, নাকি বেআইনি ভাবে রাখা হয়েছিল? পার্টির মধ্যে কেনই বা অস্ত্র পরীক্ষা করা হচ্ছিল? গুলি চালানোর ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে হাওড়া আদালতে পেশ করার কথা। তদন্তের অগ্রগতির সঙ্গে এই ঘটনার আরও তথ্য সামনে আসতে পারে।





