কলকাতা, ১৪ নভেম্বরঃ থানার ভিতরে জিজ্ঞাসাবাদ, বাইরে ‘চোর চোর’ স্লোগান। ভবানীপুর থানাকে ঘিরে শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টানটান রাজনৈতিক উত্তেজনা। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে এক্স হ্যান্ডলে পোস্ট করার অভিযোগে পুলিশের তলবে হাজির হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২টা ২৩ মিনিটে থানায় পৌঁছন তিনি। প্রায় সাড়ে চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৪টে নাগাদ বেরিয়ে এসে তাঁর অভিযোগ, রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে না পেরে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে।
অভিষেক থানার ভিতরে থাকাকালীন বাইরে তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান ওঠে। পরে থানার বাইরে জমায়েত করেন তাঁর অনুগামীরাও। ফলে পুলিশের তলবকে কেন্দ্র করে ভবানীপুর থানার সামনে তৈরি হয় রাজনৈতিক চাপানউতোরের আবহ। থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক অবশ্য নিজের অবস্থানে অনড় থাকেন। তাঁর দাবি, তদন্তকারী সংস্থার ডাকে তিনি কখনও সাড়া দিতে পিছপা হননি। এ দিনও পুলিশকে প্রয়োজনীয় ব্যাখ্যা দিয়েছেন।
ঘটনার সূত্র গত ২ মে। ওই দিন এক্স হ্যান্ডলে একটি পোস্টে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাটি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে উল্লেখ করেছিলেন অভিষেক। সেই পোস্টের বিরোধিতা করে ২৭ মে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন অর্ণবকান্তি দাস। অভিযোগকারীর দাবি, একজন সাংসদের এমন মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় সংহতির পক্ষে ক্ষতিকর হতে পারে। ওই অভিযোগের ভিত্তিতে হিংসা ও বিদ্বেষ ছড়ানো, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধে প্ররোচনা এবং গুজব ছড়ানোর মতো অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলাতেই শনিবার অভিষেককে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।
থানা থেকে বেরিয়ে কালীঘাটে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানান অভিষেক। তাঁর বক্তব্য, “আমাকে যখনই ডেকেছে গিয়েছি। কখনও জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাইনি। তদন্তকারী সংস্থা যা প্রশ্ন করেছেন, সব উত্তর দিয়েছি। তদন্তের স্বার্থে সব সময় হাজির হয়েছি।” গুজরাটি গ্যাং প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বলেও জানান তিনি।
এর পরেই বিজেপির বিরুদ্ধে বাংলার ভাষা ও সংস্কৃতিকে অপমানের অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। অমিত মালব্যর বিরুদ্ধে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার অভিযোগ করেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অপমান এবং তাঁর বাড়ির সামনের শহিদ বেদি ভাঙার প্রসঙ্গও তোলেন। তাঁর কটাক্ষ, “বুলডোজার চালানোর হলে আমার বাড়ির উপর চালিয়ে দিন।”
কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনা ও সড়ক যোজনার টাকা আটকে রাখার অভিযোগও করেন অভিষেক। সব মিলিয়ে, একটি পুলিশি হাজিরাকে ঘিরে শনিবার ভবানীপুর থেকে কালীঘাট রাজনৈতিক সংঘাতের আঁচ ছড়াল শহরের রাজপথে।





