শীতলকুচি, ১৪ নভেম্বরঃ বয়স মাত্র তিন বছর। যে বয়সে অনেক শিশুই ঠিক করে নিজের নামটুকু বলতে শেখে, সেই বয়সেই একের পর এক ফল, ফুল, রং, প্রাণী ও শরীরের অঙ্গ চিনে অনর্গল বলে দিতে পারে সে। বাংলা ও ইংরেজিতে ছড়া আবৃত্তি থেকে সপ্তাহের সাত দিনের নাম সবই তার নখদর্পণে। ছোট্ট এই প্রতিভার স্বীকৃতি মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তবে আরশি জান্নাতের এই সাফল্যের পিছনে শুধু তার মেধা নয়, জড়িয়ে রয়েছে এক মায়ের লড়াই, ত্যাগ আর অদম্য জেদ। বাবা পাশে না থাকলেও মেয়ের স্বপ্নের পথে কোনও বাধা হতে দেননি মা বিজলী খাতুন।
কোচবিহারের শীতলকুচি ব্লকের লালবাজার গ্রাম পঞ্চায়েতের আমতলা এলাকার বাসিন্দা আরশি। শুক্রবার সন্ধ্যায় তার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র হাতে আসতেই আনন্দে ভাসে পরিবার। মাত্র ৩ বছর ২ মাস বয়সে এই কৃতিত্ব অর্জন করেছে সে। তার স্বীকৃতির নাম ‘আইবিআর অ্যাচিভার’। রেকর্ডের শংসাপত্র অনুযায়ী, ১০ অক্টোবর ২০২৬ তারিখে তার কৃতিত্ব নিশ্চিত হয়। শংসাপত্রটি ইস্যু করা হয়েছে ২৬ অক্টোবর।
কিন্তু এই সাফল্যের পিছনের গল্পটা মোটেই সহজ নয়। ২০২১ সালে দেখাশোনা করে ওকড়াবাড়ির এক যুবকের সঙ্গে বিয়ে হয়েছিল বিজলীর। পরবর্তী সময়ে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। জন্মের কিছু দিন পর থেকেই মেয়েকে নিয়ে আমতলায় বাপের বাড়িতে চলে আসেন তিনি। সেই থেকে নানুর বাড়িতেই মায়ের কাছে বড় হচ্ছে আরশি। বাবার স্নেহের ছায়া না পেলেও মায়ের ভালোবাসা আর উৎসাহই তার বেড়ে ওঠার ভরসা।
সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি মেয়েকে মানুষ করার লড়াই চালিয়ে যাচ্ছেন বিজলী। একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। সামান্য উপার্জনেই চলে সংসার, মেয়ের দেখাশোনা এবং ভবিষ্যতের প্রস্তুতি। প্রতিকূলতা সত্ত্বেও মেয়ের প্রতিভাকে অবহেলা করেননি। বরং ছোট থেকেই আরশির অসাধারণ স্মৃতিশক্তি বুঝতে পেরে তাকে উৎসাহ দিয়েছেন।
কথা বলতে শেখার পর থেকেই একবার শুনে অনেক কিছু মনে রাখার ক্ষমতা দেখাতে শুরু করে আরশি। সেই প্রতিভারই স্বীকৃতি মিলেছে রেকর্ডের মঞ্চে। শংসাপত্র অনুযায়ী, সে ১০টি ফল, ৪টি ফুল, ৭টি রং, ১০টি প্রাণী এবং শরীরের ১০টি অঙ্গের নাম শনাক্ত করে বলতে পারে। পাশাপাশি বাংলা ও ইংরেজিতে চারটি ছড়া আবৃত্তি এবং সপ্তাহের সাত দিনের নামও বলতে সক্ষম।
নাতনির এই সাফল্যে গর্বিত নানু জমশের আলী মিয়া এবং নানি জোসেফা বিবি। পরিবারের কাছে এই শংসাপত্র নিছক একটি সম্মাননা নয়, বহু প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকা স্বপ্নের স্বীকৃতি। আরশির সাফল্যে উচ্ছ্বাস থাকলেও এর নেপথ্যে যে মায়ের নীরব সংগ্রাম, তা ভোলার নয়। ছোট্ট মেয়ের হাতে রেকর্ডের শংসাপত্র, আর তার প্রতিটি অক্ষরে যেন মিশে রয়েছে বিজলীর পরিশ্রম, ভালোবাসা আর লড়াইয়ের গল্প।





