পাণ্ডবেশ্বর, ১৪ নভেম্বরঃ রাতের অন্ধকারে গোপনে জমায়েত। সঙ্গে আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট! কোনও অপরাধের ছক কষা হচ্ছিল কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। গোপন সূত্রে খবর পেয়ে আচমকাই অভিযানে নামে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। অভিযানে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের উদ্দেশ্য কী ছিল, কোনও অপরাধমূলক পরিকল্পনা নিয়েই তাঁরা এক জায়গায় জড়ো হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজনের জমায়েত এবং তাঁদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে গোপন সূত্রে খবর আসে। সেই তথ্যের ভিত্তিতে রাতের অন্ধকারে বিশেষ অভিযান চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, সাইকেলের চেন এবং বেসবল ব্যাট উদ্ধার হয়েছে।
ধৃতদের মধ্যে ছ’জন পাণ্ডবেশ্বরের ডিভিসি এলাকার বাসিন্দা। তাঁরা হলেন বিনোদ বেদ, সুন্দর যাদব, শেখ ফারহান, তাপস বেদ, পবন চৌহান এবং কবিরাজ বেদ। বাকি তিনজন ঝাড়খণ্ডের জামতারার মেহিজান এলাকার বাসিন্দা। তাঁদের নাম সন্তোষ পাশি, দেব কুমার এবং মানা পাশি। অপর ধৃত সাদ্দাম খান জামুড়িয়ার হোসেন নগর এলাকার বাসিন্দা।
তবে এতজনের জমায়েতের নেপথ্যে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সাইকেলের চেন ও বেসবল ব্যাট উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের সন্দেহ আরও বেড়েছে। কোনও অপরাধ সংঘটিত করার পরিকল্পনা ছিল কি না, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা চলছে। ধৃতদের সঙ্গে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তাঁদের পরিকল্পনায় আরও কেউ জড়িত কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখছে পুলিশ। রাতের অভিযানে একসঙ্গে ১০ জনের গ্রেপ্তারি ঘিরে পাণ্ডবেশ্বরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর।





