কলকাতা, ১২ নভেম্বরঃ সরকারি জমি দখল করে তৈরি হয়েছিল কোটি টাকার বিলাসবহুল বাড়ি। সেই বাড়ি ভাঙতে নেমেছে প্রশাসন। আর এই ঘটনাকে সামনে রেখেই এ বার সরাসরি নাম করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গির খান ওরফে পুষ্পাকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু হুঁশিয়ারি নয়, দখলমুক্ত জমিতে গরিব মানুষের জন্য আবাসন তৈরির ঘোষণাও করলেন তিনি। একই সঙ্গে সন্দেশখালির একসময়ের ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানকে ঘিরেও কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘এই সরকার কাউকে ছাড়বে না।’’
ছটপুজোর অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার হাওড়ায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ফলতার পরিস্থিতি নিয়ে সরব হন তিনি। শুভেন্দুর কথায়, ‘‘ফলতায় কী চলছে সবাই দেখতে পাচ্ছেন তো? সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান বিল্ডিং বানিয়েছিল। পুষ্পা বলেছিল, ‘ঝুঁকেগা নেহি!’ কড়া ব্যবস্থা নেওয়া হবে।’’ ওই জমি উদ্ধার করে স্থানীয় গরিব মানুষের জন্য আবাস যোজনার কাজ করা হবে বলেও জানান তিনি।
ফলতার পাশাপাশি সন্দেশখালির সরবেড়িয়াতেও সরকারি জমি উদ্ধারের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি শেখ শাহজাহানের নাম করে তাঁর ঘোষণা, ‘‘শাহজাহানের জমিও উদ্ধার করে মাছ মার্কেট তৈরি হবে। এটা সবে শুরু। আগামী দিনে অনেক কিছু হবে। দেখে নেবেন।’’
উল্লেখ্য, পূর্বতন তৃণমূল সরকারের আমলে ফলতা-ডায়মন্ড হারবার এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন অভিষেক-ঘনিষ্ঠ জাহাঙ্গির। গত বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থীও করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একাধিক অসঙ্গতির অভিযোগ সামনে আসার পর ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করে নতুন করে নির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের আগে অবশ্য ময়দান ছাড়েন জাহাঙ্গির। নাড্ডার কনভয়ে হামলা এবং ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে বর্তমানে জেলে রয়েছেন তিনি। পরে নেপাল সীমান্ত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগে প্রশাসনের নোটিসের পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি না ভাঙায় বুধবার সকাল থেকে ফলতার শ্রীরামপুরে শুরু হয়েছে বুলডোজার অভিযান। বৃহস্পতিবারও চলে ভাঙার কাজ। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। বাড়ির জিনিসপত্রও বাইরে বের করে রাখা হয়েছে। এখন দেখার, ফলতার পর সন্দেশখালিতে জমি উদ্ধারের ঘোষণাও কত দ্রুত বাস্তবায়িত হয়।





