আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘ক্ষমতার ফোঁটা নিতে যেত, এখন আর মুখ্যমন্ত্রী নেই’, ভাইফোঁটার সকালে মমতাকে খোঁচা দিলীপের

Published on: November 11, 2026
---Advertisement---

কলকাতা, ১১ নভেম্বরঃ ভাইফোঁটার সকাল। চারদিকে উৎসবের আবহ। সেই আবহেই খোশমেজাজে দেখা গেল রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষকে। বুধবার সকালে রাজারহাটের ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন তিনি। বোনেদের কাছ থেকে ফোঁটাও নেন। তবে উৎসবের মেজাজের মধ্যেও রাজনীতির ছোঁয়া এড়ালেন না বিজেপি নেতা। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা অনুষ্ঠান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধলেন তিনি। তাঁর কটাক্ষ, ক্ষমতার ফোঁটা নিতে যেতেন যাঁরা, ক্ষমতা চলে যাওয়ার পর তাঁদের আর দেখা যাচ্ছে না।

এক সময় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভাইফোঁটা ছিল রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত ছবি। তৃণমূলের প্রথম সারির নেতাদের অনেকেই সেখানে হাজির হতেন। ববি হাকিম, অরূপ বিশ্বাস-সহ দলের একাধিক নেতা মমতার কাছ থেকে ফোঁটা নিতেন। কিন্তু রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এ বার সেই চেনা ছবি দেখা যাবে কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। সেই প্রসঙ্গেই দিলীপের খোঁচা, ‘‘আসলে সবাই পাওয়ার বা ক্ষমতার ফোঁটা নিতে যেত। আজ পাওয়ার নেই। তাই ফোঁটা নেই।’’

এখানেই থামেননি তিনি। তাঁর দাবি, যাঁরা এত দিন মমতার কাছ থেকে ফোঁটা নিতে যেতেন, তাঁরা আসলে মুখ্যমন্ত্রীর কাছেই যেতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নয়। দিলীপের কথায়, ‘‘অনেক ভাই ছিল। যারা নাকি ৩০-৪০ বছর ধরে ওঁর ফোঁটা নিত। সেই ভাইয়েরা আজ ওখানে যায় কি না দেখা যাক।’’ তাঁর মতে, সামাজিক সম্পর্কের জায়গাতেও রাজনীতি ঢুকে পড়েছিল। ক্ষমতা হারানোর পর সেই সম্পর্কের আসল চেহারা সামনে আসছে।

তবে শুধু রাজনৈতিক কটাক্ষ নয়, বাংলার ভবিষ্যৎ শিল্প ও কর্মসংস্থান নিয়েও আশাবাদী বার্তা দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। রাজ্যে প্রবাসী ভারতীয় সম্মেলন আয়োজনের প্রসঙ্গে তিনি জানান, উত্তরবঙ্গেও শিল্প সম্মেলনের পরিকল্পনা রয়েছে। অনাবাসী ভারতীয়দের বাংলায় বিনিয়োগের জন্য উৎসাহিত করার উদ্যোগ চলছে। তাঁর বক্তব্য, বাংলায় শিল্পের প্রসার এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

ভাইফোঁটার সকালে এক দিকে উৎসবের সৌজন্য, অন্য দিকে রাজনৈতিক আক্রমণ এবং শিল্পায়নের বার্তা সব মিলিয়ে ইকো পার্কে দিলীপ ঘোষের প্রাতঃভ্রমণ হয়ে উঠল রাজনীতির আলোচনারও কেন্দ্রবিন্দু।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment