মাথাভাঙ্গা, ১০ নভেম্বরঃ বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে বড়সড় সাফল্য পেল ঘোকসাডাঙা থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে উদ্ধার করা হল ২৪ হাজার ৬৯৩ বোতল নিষিদ্ধ কফ সিরাপ। এই ঘটনায় বৈধ নথিপত্র দেখাতে না পারায় ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা-২ ব্লকের উনিশবিশা চৌপথি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই নজরদারি চালাচ্ছিল ঘোকসাডাঙা থানার পুলিশ। এরপর সন্দেহভাজন একটি ট্রাক আটক করে তল্লাশি শুরু করেন পুলিশকর্মীরা। ট্রাকের ভিতরে থাকা একাধিক কার্টুন পরীক্ষা করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ কফ সিরাপ। গণনা করে দেখা যায়, ট্রাকটিতে মোট ২৪ হাজার ৬৯৩ বোতল নিষিদ্ধ কফ সিরাপ রয়েছে।
সূত্রের খবর, শিলিগুড়ির দিক থেকে ওই বিপুল পরিমাণ কফ সিরাপ অসমের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এত বিপুল পরিমাণ কফ সিরাপ পরিবহণের বৈধ নথিপত্র দেখাতে না পারায় ট্রাকের চালককে আটক করা হয়। পাশাপাশি ট্রাকটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এত বিপুল পরিমাণ কফ সিরাপ কোথা থেকে আনা হয়েছিল, অসমের কোথায় তা সরবরাহের পরিকল্পনা ছিল এবং এর পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ঘোকসাডাঙা থানার পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতেও তদন্ত শুরু হয়েছে।
একসঙ্গে ২৪ হাজারেরও বেশি বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় আন্তঃরাজ্য পাচারচক্রের সম্ভাবনা নিয়েও তদন্তকারীদের নজর রয়েছে।





