দিনহাটা, ৬ নভেম্বরঃ রাজনৈতিক সংঘাতের আঁচ এ বার তৃণমূলের অঞ্চল সভাপতির বাড়িতে। দিনহাটার ভেটাগুড়িতে তৃণমূল নেতার বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মাণীর চৌকি এলাকায়। অভিযোগ, বাড়িতে ঢুকে আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করার পাশাপাশি নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দেয় হামলাকারীরা। যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। ফলে ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রহ্মাণীর চৌকি এলাকার বাসিন্দা সুনীল রায় সরকার ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি। বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ। শুধু সুনীলবাবুর বাড়িই নয়, তাঁর ভাই রতন রায় সরকারের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি। অভিযোগ অনুযায়ী, একদল ব্যক্তি বাড়িতে ঢুকে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করার পাশাপাশি মূল্যবান সামগ্রী নিয়ে যায় তারা। নগদ টাকা ও গহনা খোয়া গিয়েছে বলেও অভিযোগ পরিবারের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। খবর পেয়ে ভেটাগুড়ি পুলিশ ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাড়ির পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি প্রাথমিক তদন্তও করেন পুলিশকর্মীরা। তবে তদন্তের পর পুলিশ ফিরে যায়। ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায়, সে দিকেও নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অন্যদিকে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে গেরুয়া শিবির। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা, কারা এর পিছনে রয়েছে এবং সত্যিই বাড়ি থেকে টাকা ও গহনা লুট হয়েছে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
একদিকে তৃণমূল নেতার পরিবারের হামলা ও লুটপাটের অভিযোগ, অন্যদিকে বিজেপির সম্পূর্ণ অস্বীকার দুই শিবিরের পরস্পরবিরোধী বক্তব্যে ভেটাগুড়ির রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই এখন নজর এলাকাবাসীর।





