কোচবিহার, ৪ নবেম্বরঃ মাদক কারবারের বিরুদ্ধে লড়াইয়ে শুধু পুলিশি অভিযানই যথেষ্ট নয়, প্রয়োজন সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতাও। সেই বার্তা নিয়েই এ বার মাঠে নামল কোচবিহার জেলা পুলিশ ও শিলিগুড়ি স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। অবৈধ গাঁজা চাষ এবং মাদকজাতীয় দ্রব্যের কারবারের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বুধবার কোচবিহারের চান্দামারিতে আয়োজন করা হল বিশেষ সচেতনতামূলক শিবির। এলাকার বাসিন্দা থেকে যুবসমাজ সকলকেই মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি বেআইনি কারবারের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দেওয়ার আবেদন জানানো হয়।
সম্প্রতি চান্দামারি এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছিল কোচবিহার জেলা পুলিশ ও শিলিগুড়ি এসটিএফ। ওই অভিযানে একাধিক বাড়ি ও তার আশপাশে বেআইনি ভাবে গাঁজা চাষের সন্ধান মেলে। গাঁজা গাছ কেটে নষ্ট করার পাশাপাশি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই অভিযানে ছ’জনকে আটকও করে পুলিশ। অভিযান পরবর্তী সময়ে এ বার সচেতনতা বাড়ানোর উপরেও জোর দিল প্রশাসন।
বুধবারের শিবিরে উপস্থিত পুলিশ আধিকারিকেরা এলাকার মানুষকে বোঝান, অবৈধ গাঁজা চাষ কিংবা মাদকজাতীয় দ্রব্যের কারবার শুধু আইনের চোখে অপরাধ নয়, এর সুদূরপ্রসারী সামাজিক প্রভাবও রয়েছে। বিশেষ করে যুবসমাজকে মাদকের নেশা ও কারবার থেকে দূরে রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। কোথাও বেআইনি ভাবে গাঁজা চাষ বা মাদক কেনাবেচার ঘটনা নজরে এলে দ্রুত পুলিশ-প্রশাসনকে জানানোর আবেদনও করা হয়।
এ দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিক্রম প্রসাদ, কোতোয়ালি থানার আইসি সঞ্জয় কুমার দাস, শিলিগুড়ি এসটিএফের ডিএসপি দেবদত্ত বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান-সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা।
পুলিশের বক্তব্য, মাদকবিরোধী লড়াইকে সফল করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও এগিয়ে আসতে হবে। শুধু অপরাধীদের চিহ্নিত করা নয়, মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা এবং সামাজিক প্রতিরোধ দুই পথেই এগোতে চাইছে প্রশাসন। চান্দামারির এই শিবির সেই উদ্যোগেরই অংশ।





