খেলাধুলা ডেস্ক, ২৪ জুনঃ ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো -কে নিয়ে বিতর্কের শেষ নেই। কে সেরা ফুটবলার, কার সাফল্য বেশি কিংবা কার ভক্তসংখ্যা বৃহত্তর এই তর্ক বহুদিনের। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অন্য এক বিষয়। সম্প্রতি একটি আন্তর্জাতিক সমীক্ষায় দাবি করা হয়েছে, মেসি ও রোনাল্ডোর সমর্থকদের রাজনৈতিক ও মানসিক অবস্থানের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি -এর গবেষকদের একটি সমীক্ষা SSRN জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় বিশ্বের ২৬টি দেশের প্রায় ১০ হাজার ফুটবলপ্রেমীর মতামত সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীদের কাছে শুধু মেসি না রোনাল্ডোকাকে বেশি পছন্দ করেন তা-ই নয়, তাঁদের রাজনৈতিক মতাদর্শ সম্পর্কেও প্রশ্ন করা হয়েছিল। এই তালিকায় আর্জেন্টিনা, পর্তুগালের পাশাপাশি ভারতও ছিল।
সমীক্ষার ফলাফলে দেখা গিয়েছে, মেসির সমর্থকদের একটি বড় অংশ নিজেদের উদারপন্থী বা বামঘেঁষা চিন্তাধারার সঙ্গে যুক্ত বলে মনে করেন। অন্যদিকে রোনাল্ডোর ভক্তদের মধ্যে তুলনামূলকভাবে বেশি সংখ্যক মানুষ নিজেদের রক্ষণশীল বা দক্ষিণপন্থী মতাদর্শের কাছাকাছি বলে চিহ্নিত করেছেন।
গবেষকদের মতে, এই প্রবণতার পিছনে দুই তারকার ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁদের বক্তব্য, মেসির জনসম্মুখের ভাবমূর্তি শান্ত, সংযত ও দলকেন্দ্রিক। অন্যদিকে রোনাল্ডোকে অনেক বেশি আত্মবিশ্বাসী, প্রতিযোগিতামুখী এবং ব্যক্তিগত সাফল্য তুলে ধরতে আগ্রহী হিসেবে দেখা হয়। ফলে মানুষ অনেক সময় নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিল খুঁজে পছন্দের খেলোয়াড় নির্বাচন করেন।
তবে ক্রীড়া বিশেষজ্ঞদের একাংশের মতে, এ ধরনের সমীক্ষা সাধারণ প্রবণতা তুলে ধরলেও তা কোনও ব্যক্তির রাজনৈতিক অবস্থান বা চরিত্র সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কারণ ফুটবলপ্রেমীদের পছন্দ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ব্যক্তিগত কারণে গড়ে ওঠে।
এদিকে মাঠের লড়াইয়ে দু’জনেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। ফলে ভক্তদের কাছে এখন সবচেয়ে বড় আকর্ষণ তাঁদের ফুটবল জাদু উপভোগ করা, বিতর্ক নয়।





