কোচবিহার, ১২ জুনঃ শহরের নিকাশি ব্যবস্থা সচল রাখতে এবং জনস্বার্থে ড্রেনের উপর অবৈধ দখলমুক্ত করতে কোচবিহারে বড়সড় প্রশাসনিক অভিযান চালানো হল। সদর মহকুমাশাসক, কোচবিহার পৌরসভা ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে রাজবাড়ি থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, ওই এলাকায় বেশ কিছু ব্যবসায়ী ড্রেনের উপর দোকান ও অস্থায়ী ব্যবসায়িক কাঠামো গড়ে দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছিলেন। এতে নিকাশি ব্যবস্থার স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং বর্ষার সময় জল জমার আশঙ্কাও তৈরি হচ্ছিল।
প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং অবিলম্বে ড্রেনের উপর থেকে সমস্ত অবৈধ দখল ও নির্মাণ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, ভবিষ্যতে এই নির্দেশ অমান্য করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক, পৌরসভার আধিকারিকরা, কোটওয়ালি থানার পুলিশ আধিকারিক, ট্রাফিক অফিসারসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। তাদের উপস্থিতিতে গোটা এলাকা জুড়ে নজরদারি চালানো হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শহরের নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।





