কলকাতা, ১৪ মার্চঃ টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ। অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী-এর উদ্যোগে এবার বাংলা চলচ্চিত্র জগতের সাত হাজারেরও বেশি কলাকুশলী উপভোগ করতে পারবেন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা। এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
পরিকল্পনা অনুযায়ী শনিবার সকাল থেকেই টেকনিশিয়ান স্টুডিওতে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্পে এসে নিজেদের নাম নথিভুক্ত করছেন টলিউডের বহু টেকনিশিয়ান ও কলাকুশলী।
নাম নথিভুক্তির কাজ কতদূর এগিয়েছে তা খতিয়ে দেখতে এদিন দুপুরে স্টুডিওতে হাজির হন দেবের সঙ্গে অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ দেব–কোয়েল মল্লিক। দুই তারকা সাংসদের উপস্থিতিতে আপ্লুত হয়ে পড়েন স্টুডিওপাড়ার কর্মীরাও।
এই ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড করাতে আসেন পরিচালক সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহ-সহ ইন্ডাস্ট্রির বহু সদস্য। এছাড়াও আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল এবং অন্যান্য কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।
প্রথমে ঠিক ছিল ১৭ মার্চ থেকে নাম নথিভুক্তির কাজ শুরু হবে। তবে পরে তারিখ এগিয়ে এনে ১৪ মার্চ থেকেই এই প্রক্রিয়া শুরু করা হয়। দেব আগেভাগেই সকল কলাকুশলীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।
উল্লেখ্য, টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনার জন্য সম্প্রতি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুরোধ করেছিলেন দেব। সেই অনুরোধে সাড়া দিয়েই রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে টলিউডের সাত হাজারেরও বেশি কলাকুশলী এবার স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।





