কলকাতা, ৩১ মে: সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা ও হেনস্তার ঘটনায় তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি আরও তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ এবং হামলার নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম আকাশ গায়েন, কাজল, দেবাশিস ও জয় সেনগুপ্ত। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, পথ অবরোধ, হামলা এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনের সন্ধান চালাচ্ছেন। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, গ্রেপ্তার হওয়া কয়েকজনের সঙ্গে সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠতার অভিযোগ উঠেছে। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন লাভলি মৈত্র। তিনি দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কেউই তৃণমূল কংগ্রেসের কর্মী নন। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কিত তথ্য ও ছবি দলের কাছে পাঠানো হয়েছে।
ঘটনায় পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। লাভলি মৈত্র প্রশ্ন তুলেছেন, একজন সাংসদের সফরের সময় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা কেন ছিল না এবং হামলার সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়নি কেন। তাঁর দাবি, তিনি এলাকায় থাকলে নিজেই ঘটনাস্থলে উপস্থিত হতেন।
অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার ঘটনাটিকে ঘিরে প্রশ্ন তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, ঘটনাটির পেছনে অন্য কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না, তা তদন্ত করে দেখা উচিত।
ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজন হলে আরও গ্রেপ্তারির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।





