নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মীদের জন্য এল বড় সুখবর। সোমবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, বর্তমানে প্রাপ্ত ১৮ শতাংশ মহার্ঘভাতার (ডিএ) উপর আরও ২০ শতাংশ বাড়তি ডিএ দেওয়া হবে। ফলে রাজ্যের সরকারি কর্মীরা মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা পাবেন। এই ঘোষণা কার্যকর হবে চলতি বছরের ১ অক্টোবর থেকে। অর্থাৎ পুজোর আগেই সরকারি কর্মীদের হাতে বাড়তি ডিএ পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই মহার্ঘভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছিল। তৃণমূল সরকারের আমলে কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ না দেওয়া নিয়ে একাধিক বার আন্দোলন, বিক্ষোভ এবং আইনি লড়াই হয়েছে। সেই আবহে সরকার বদলের পর নতুন বাজেটে ডিএ-র হার বাড়ানোর এই ঘোষণা স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নতুন ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের মহার্ঘভাতার ব্যবধান অনেকটাই কমে এল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পান।
বাজেট ঘোষণার পরে সরকারি কর্মীদের একাংশের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, দীর্ঘদিন ধরেই তাঁদের এই দাবি ছিল এবং সরকারের ঘোষণায় তাঁরা খুশি। তবে পেনশনভোগীদের ক্ষেত্রে এই বাড়তি ডিএ কী ভাবে কার্যকর হবে এবং বকেয়া ডিএ কবে, কোন হারে দেওয়া হবে, তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। অর্থমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, আগের সরকারের আমলে ডিএ ইস্যুতে কর্মচারীদের অপমানিত হতে হয়েছে। তাঁর দাবি, নতুন সরকার সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে কর্মীদের ন্যায্য দাবির দিকেই এগিয়েছে। ফলে প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ডিএ-র এই ঘোষণা যে রাজ্য সরকারি কর্মীদের কাছে বড় রাজনৈতিক ও আর্থিক বার্তা হয়ে উঠল, তা বলাই যায়।





