খবরিয়া ২৪ ডেস্ক, ২ মার্চঃ আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর আগে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বাংলায় পৌঁছে গিয়েছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুরু হয়েছে বিভিন্ন জেলায় রুট মার্চ। দ্বিতীয় দফায় আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে। মোট ৪৮০ কোম্পানির মধ্যে কোন জেলায় কত বাহিনী মোতায়েন হবে, তার বিস্তারিত তালিকাও চূড়ান্ত করেছে কমিশন।
সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে দক্ষিণ ২৪ পরগণায়। বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন মিলিয়ে এই জেলায় মোট ৩৩ কোম্পানি বাহিনী থাকবে। এরপরেই রয়েছে কলকাতা। দু’দফা মিলিয়ে কলকাতায় মোতায়েন হবে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
উত্তরবঙ্গে দার্জিলিংয়ে ৫ কোম্পানি, শিলিগুড়ি পুলিশ জেলায় ২, কালিম্পংয়ে ১, কোচবিহারে ৬, আলিপুরদুয়ারে ২, জলপাইগুড়িতে ৩, ইসলামপুর ও রায়গঞ্জ পুলিশ জেলায় ৪ করে কোম্পানি মোতায়েন করা হবে। মালদহে ৬ এবং মুর্শিদাবাদে ১২ কোম্পানি বাহিনী থাকবে। জঙ্গিপুর ও কৃষ্ণনগর পুলিশ জেলায় ৭ করে এবং রানাঘাটে ৩ কোম্পানি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
দক্ষিণবঙ্গে হাওড়া ও হাওড়া রুরালে ৩ করে, হুগলি (রুরাল)-এ ১০, চন্দননগরে ৩ কোম্পানি থাকবে। উত্তর ২৪ পরগণার বারাসতে ৫, বনগাঁয় ২, বসিরহাটে ১০, বারাকপুরে ১০ এবং বিধাননগরে ১ কোম্পানি মোতায়েন করা হবে। পূর্ব মেদিনীপুরে ১৪, পূর্ব বর্ধমানে ১৭, আসানসোল-দুর্গাপুর পুলিশ জেলায় ১০, পশ্চিম মেদিনীপুরে ১৩, ঝাড়গ্রামে ৬, বাঁকুড়া ৬, পুরুলিয়ায় ১৫ এবং বীরভূমে ১৪ কোম্পানি বাহিনী থাকবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিপুল বাহিনী মোতায়েন গুরুত্বপূর্ণ বলে মনে করছে কমিশন।





