খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বরঃ “জওহরলাল নেহরু জনগণের টাকায় বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। তার এই বিস্ফোরক মন্তব্য ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে চরম রাজনৈতিক বিতর্ক। এদিন ভদোদরার সাধলি গ্রামে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি দাবি করেন, নেহরুর সেই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন সর্দার প্যাটেল, যিনি সরকারি অর্থে কোনও ধর্মীয় স্থাপনা নির্মাণের অনুমতি দেননি।
রাজনাথের বক্তব্য,“প্যাটেল ছিলেন সত্যিকারের ধর্মনিরপেক্ষ নেতা। তিনি কখনও তোষণমূলক রাজনীতির পক্ষে ছিলেন না।” তাঁর দাবি, নেহরু যখন বাবরি মসজিদের নির্মাণে সরকারি তহবিল ব্যবহারের কথা তুলেছিলেন, প্যাটেল তখনই স্পষ্ট জানিয়ে দেন, জনগণের করের টাকা দিয়ে কোনও ধর্মীয় স্থাপনা গড়া উচিত নয়।
প্রতিরক্ষামন্ত্রী আরও উদাহরণ টেনে বলেন, সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণে সরকারি খরচ হয়নি, সাধারণ মানুষের দানে সংগৃহীত ৩০ লক্ষ টাকা দিয়েই সেই কাজ সম্পন্ন হয়। রাজনাথের কথায়, “ধর্মীয় স্থাপনা জনগণই তৈরি করবেন, সরকার নয়, এটাই প্রকৃত ধর্মনিরপেক্ষতা।”
এদিন তিনি রাম মন্দিরের প্রসঙ্গও তুলেছেন। তাঁর দাবি, রাম মন্দির নির্মাণেও সরকারি অর্থ নয়, সম্পূর্ণ মানুষের অনুদানই ব্যয় হয়েছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে দেশের ইতিহাসে প্যাটেলের অবদান আড়াল করার চেষ্টা হয়েছে, যা নেহরুর রাজনৈতিক দূরভিসন্ধির ফল।
রাজনাথ আরো বলেন,প্যাটেলের মৃত্যুর পর যখন সাধারণ মানুষ তাঁর স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য তহবিল তুলছিলেন,তখন নেহরু নাকি বলেন,এই অর্থ দিয়ে কূপ ও রাস্তা তৈরি করা হোক। প্রতিরক্ষামন্ত্রীর তির্যক মন্তব্য,“রাস্তা-নালা তৈরি করা সরকারের কাজ, জনগণের নয়।”
রাজনাথ সিংয়ের বক্তব্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বিরোধী শিবির। তাঁদের প্রশ্ন, নেহরুর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের প্রমাণ কোথায় ? অন্যদিকে বিজেপির দাবি, প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যই “ ইতিহাসের আসল সত্য”। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বহুদিন ধরে আলোচিত নেহরু বনাম প্যাটেল বিতর্ক এবার আরও তীব্র হল রাজনাথ সিংয়ের এই মন্তব্যে।





