মনিরুল হক, কোচবিহার: কোচবিহার জেলার বিশিষ্ট সাংবাদিক প্রয়াত সুমিতেশ ঘোষের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহার রবীন্দ্র ভবনে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানান, তিনি তাঁর ব্যক্তিগত কোটায় সুমিতেশ ঘোষের স্ত্রী শিপ্রা ঘোষকে সরকারি চাকরি দেবেন।
এদিন কোচবিহারের সাংবাদিক মহল মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় যে, আর্থিক অনটনের কারণে যিনি দীর্ঘদিন সমাজ ও সংবাদমাধ্যমের সেবা করে অকালে প্রাণ দিয়েছেন, তাঁর পরিবারের পাশে প্রশাসন যেন দাঁড়ায়। মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দিয়ে বলেন, “আমি আমার কোটায় ওনার স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দেব।” সাংবাদিকদের আবেগ ও আবেদনকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।
প্রসঙ্গত, কয়েক মাস আগে প্রবল আর্থিক সংকটে জর্জরিত হয়ে আত্মহত্যা করেন বিশিষ্ট সাংবাদিক সুমীতেশ ঘোষ। তাঁর মৃত্যুতে সংবাদমাধ্যম থেকে সাধারণ মানুষ সর্বত্র নেমে আসে শোকের ছায়া। বহু বছর ধরে জেলার নানা সমস্যা, মানুষের দাবি-দাওয়া ও সংবাদপত্রের নিয়মিত প্রতিবেদন তৈরিতে তিনি ছিলেন অন্যতম নির্ভরযোগ্য মুখ। অথচ জীবনের শেষ অধ্যায়ে চরম আর্থিক অনটনের সাথে লড়াই করে হার মানতে হয় তাঁকে।
সাংবাদিক মহল বহুবার দাবি তুলেছিল যে মৃত সাংবাদিকের পরিবারকে অবিলম্বে আর্থিক সহযোগিতা ও চাকরির ব্যবস্থা করা হোক। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই দাবি বাস্তবের পথে এগোল বলেই মনে করছে কোচবিহারের সংবাদমহল। মুখ্যমন্ত্রীর আশ্বাসে শিপ্রা ঘোষ ও তাঁর পরিবার নতুন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
সাংবাদিক মহলের বক্তব্য, একজন সংবাদকর্মীর পরিবারের প্রতি সরকারের এই সহযোগিতা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল। কোচবিহার জেলায় এই ঘোষণা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।





