কলকাতা, ১৩ মেঃ তিলজলার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর অবৈধ নির্মাণ ও বেআইনি কারখানার বিরুদ্ধে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বুধবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ নির্মাণের ক্ষেত্রে বিজেপি সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। বৈধ বিল্ডিং প্ল্যান না থাকলে সংশ্লিষ্ট ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেন তিনি।
মঙ্গলবার তপসিয়ার ৫০/১ জিজে খান রোড এলাকার একটি চারতলা ভবনের দোতলায় থাকা চামড়ার কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও পাঁচজন। এই ঘটনার পরই বিস্তারিত রিপোর্ট তলব করে রাজ্য সরকার।
বুধবার মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া রিপোর্টে উঠে আসে, যে বহুতলে আগুন লাগে সেটি সম্পূর্ণ অবৈধ এবং তার কোনও বৈধ বিল্ডিং প্ল্যান ছিল না। পাশাপাশি কারখানার ভিতরে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলে তদন্তে জানা গিয়েছে। এরপরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়।
মুখ্যমন্ত্রী জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অবৈধ কারখানার মালিকদের গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট বহুতল ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। তাঁর কথায়, “যেখানে বৈধ অনুমোদন নেই, সেখানে বিদ্যুৎ সংযোগ রাখা যাবে না। অবিলম্বে অভ্যন্তরীণ অডিট করে অবৈধ কারখানাগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে।”
তিনি আরও জানান, বিদ্যুৎ সংস্থা সিইএসসি লিমিটেড-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নির্দেশিকার মাধ্যমে নতুন সরকার স্পষ্ট বার্তা দিল যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনওরকম আপস করা হবে না এবং বেআইনি নির্মাণ বা দুর্নীতির বিরুদ্ধে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।





