কলকাতা, ১৬ মে: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই খুনের হুমকি পেলেন শুভেন্দু অধিকারী। আল কায়দার নাম করে ভবানীপুর থানায় ইমেল পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে সুইসাইড বম্ব অ্যাটাকের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তদন্তে নেমে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলি নামে এক যুবককে গ্রেফতার করেছে এসটিএফ।
এদিন সাংবাদিক বৈঠক করে এসটিএফের যুগ্ম কমিশনার জানান, বুধবার সকাল প্রায় ১০টা ১৫ মিনিট নাগাদ ভবানীপুর থানায় ওই হুমকি ইমেল আসে। তদন্তকারীরা জানতে পারেন, এক মহিলার ইমেল আইডি ব্যবহার করে পাঠানো হয়েছিল সেই মেল। সেখানে দাবি করা হয়, ওই মহিলা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দার সঙ্গে যুক্ত এবং বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হচ্ছে।
ঘটনার পরই তৎপর হয়ে ওঠে এসটিএফ ও কলকাতা পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। তদন্তে নেমে গার্ডেনরিচ এলাকা থেকে হাসনেন আলিকে গ্রেফতার করা হয়। জেরায় ধৃত যুবক হুমকি মেল পাঠানোর কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
এসটিএফ সূত্রে খবর, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটিয়েছে ধৃত যুবক। এক মহিলাকে ফাঁসাতেই তাঁর ইমেল আইডি ব্যবহার করে মুখ্যমন্ত্রীর নামে ভুয়ো হুমকি বার্তা পাঠানো হয়েছিল বলে দাবি পুলিশের। ঘটনার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের প্রত্যক্ষ যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে সূত্রের খবর। ধৃতকে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এসটিএফ।





