শিলিগুড়ি, ৭ মার্চঃ প্রেমের সম্পর্কের টানাপোড়েন ঘিরে এক তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি, জলপাইগুড়ি জেলা-র ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়, -উত্তরকন্যার পার্শ্ববর্তী বসুন্ধরা আবাসন সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত তরুণীর সঙ্গে প্রায় তিন বছর ধরে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনের সেই সম্পর্কের মধ্যেই ধীরে ধীরে তৈরি হয় অবিশ্বাস ও সন্দেহ। পরিবার সূত্রে দাবি, সম্প্রতি সেই সন্দেহ আরও গভীর হয়ে ওঠে এবং দু’জনের সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
ঘটনার দিন ছিল দোল বা হোলি উৎসব। পরিবারের সদস্যদের কথায়, সেদিন তরুণী বারবার ফোন করে ওই যুবককে বাড়িতে আসার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু যুবক বিভিন্ন অজুহাত দেখিয়ে তাঁর বাড়িতে আসতে অস্বীকার করেন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। প্রিয় মানুষের প্রতি সন্দেহ ও মানসিক আঘাত ধীরে ধীরে তাঁকে চরম হতাশার দিকে ঠেলে দেয় বলে পরিবারের দাবি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ঘটে যায় মর্মান্তিক পরিণতি। ঘটনায় তরুণীর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার ও প্রতিবেশীরা।
স্থানীয় বাসিন্দাদের মতে, হাসিখুশি স্বভাবের ওই তরুণীর এমন পরিণতি কেউই কল্পনা করতে পারেননি। ঘটনাটি সামনে আসতেই এলাকায় গভীর শোকের আবহ তৈরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। প্রাথমিকভাবে এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ।





