কোচবিহার, ২৮ মার্চঃ বিশ্ব নাট্য দিবস উদযাপিত হল কোচবিহারে। ওই উপলক্ষে কোচবিহারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন নাট্যদল ও নাট্যকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেন। দিনটি পরিণত হয় এক প্রাণবন্ত নাট্য উৎসবে।ওই অনুষ্ঠানের সূচনা হয় প্রথা মেনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সঙ্গীত শিল্পী শ্রী বাপী সূত্রধর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের হেরিটেজ নাট্যমেলা উৎসব কমিটির পৃষ্ঠপোষক শ্রী অভিজিৎ দে ভৌমিক।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “নাট্যশক্তি সম্মাননা” প্রদান। কোচবিহারের নাট্যচর্চায় বিশেষ অবদানের জন্য ৬ জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বকে সম্মানিত করা হয়। সম্মাননা প্রাপকদের মধ্যে ছিলেন ডা. অশোক, শ্রী পূর্বাচল দাশগুপ্ত, শ্রী গৌরাঙ্গ সিনহা, শ্রীমতী শ্রীপর্ণা দত্ত, শ্রীমতী রুমা দে এবং শ্রীমতী বহ্নিশিখা দেব।এরপর পর্যায়ক্রমে বিভিন্ন নাট্যদল তাদের পরিবেশনা তুলে ধরে। অভিব্যক্তি নাট্য সংস্থা নাটকের গান পরিবেশন করে অনুষ্ঠানের প্রথম পর্বকে প্রাণবন্ত করে তোলে। এরপর অনুভব নাট্য সংস্থা শ্রুতি নাটক, কোচবিহার অনাসৃষ্টি নাটক, কালকূট নাট্যদল নাটক, ইচ্ছে ডানা শ্রুতি নাটক, নবজ্যোতি নাট্য সংস্থা ও অপেরা নাটক, থিয়েটার গ্রুপ নাটক, অগ্নী নাট্য সংস্থা গান ও নৃত্য, আই পি এ শ্রুতি নাটক এবং কম্পাস নাটক প্রযোজনা পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। উদ্যোক্তারা জানান, সার্বিকভাবে, এই আয়োজন শুধু একটি উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি, বরং কোচবিহারের নাট্যচর্চাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। ২৭ মার্চের ওই অনুষ্ঠানের মাধ্যমে নাট্যকর্মীদের মিলনমেলা জেলার সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।





