কলকাতা, ৪ মেঃ ভোট গণনার প্রাথমিক ফলাফলে রাজ্যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই চাপে তৃণমূল শিবির। এখনও অনেক রাউন্ড গণনা বাকি থাকলেও একাধিক কেন্দ্রে পিছিয়ে পড়ার জেরে গণনাকেন্দ্র ছাড়তে শুরু করেছেন দলের বহু নেতা-কর্মী। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ময়দানে নামলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী।
সোমবার হেস্টিংসের গণনাকেন্দ্রের সামনে পৌঁছে তিনি সরাসরি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং স্পষ্ট বার্তা দেন এখনই কোনওভাবেই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে আসা যাবে না। তাঁর কথায়, “শেষ রাউন্ড পর্যন্ত লড়াই চালাতে হবে। এখনও অনেক কিছু বাকি রয়েছে।”
অভিষেক জানান, প্রাথমিক ট্রেন্ড দেখে হতাশ হওয়ার কোনও কারণ নেই। বহু ক্ষেত্রেই প্রথম দিকের রাউন্ডে ফলাফল একরকম থাকলেও শেষ পর্যন্ত তা বদলে যেতে পারে। তাই ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, এই মুহূর্তে কর্মীদের একত্রে ধরে রাখা তৃণমূলের কাছে বড় চ্যালেঞ্জ। সেই কারণেই নেতৃত্বের তরফে বারবার মনোবল বাড়ানোর চেষ্টা চলছে। ফল ঘোষণার আগে পর্যন্ত উত্তেজনা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।





