শীতলকুচি, ১৪ মেঃ শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি পঞ্চায়েতের ২৬০ নম্বর বুথ এলাকায় অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা। প্রমীলা বাহিনীর নেতৃত্বে গ্রামের গৃহবধূরা জানান, দীর্ঘদিন ধরে একটি বাড়িতে প্রকাশ্যে মদ বিক্রি হচ্ছে, যা প্রতিদিন সন্ধ্যা হলেই অশান্তি, আতঙ্ক ও সামাজিক অবক্ষয় সৃষ্টি করছে।
স্থানীয়রা বহুবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভে সড়কে নামেন। মায়া বর্মন বলেন, “গ্রামের শান্ত পরিবেশ নষ্ট হচ্ছে এবং শিশুদের উপর খারাপ প্রভাব পড়ছে। দ্রুত এই অবৈধ কারবার বন্ধ করতে হবে।”
ঘটনার খবর পেয়ে শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনা স্থানীয়দের মধ্যে প্রশাসনের প্রতি আবারও সচেতনতার আহ্বান জাগিয়েছে।





