শিলিগুড়ি,২১ ফেব্রুয়ারি: মাটিগাড়া বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে নেমে ৩০০ গ্রাম ব্রাউন সুগারসহ এক মহিলাকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। শুক্রবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ ওই এলাকায় নজরদারি চালায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম ময়না খাতুন। তিনি মাটিগাড়া বিশ্বাস কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে।
তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরেই বাড়ি থেকে মাদক কারবার চালাচ্ছিলেন ওই মহিলা। শুক্রবার রাতে মাদক হাতবদলের পর বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার সময় পুলিশের নজরে পড়েন তিনি। এরপরই পরিকল্পিতভাবে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।
উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে মনে করছে পুলিশ। ঘটনার পর ধৃতকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। আদালতে পুলিশ তার হেফাজতের আবেদন জানাতে পারে বলে সূত্রের খবর। মাদক পাচার রুখতে মাটিগাড়া থানা ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।





