খবরিয়া ২৪ ডেস্ক, ২২ জানুয়ারিঃ শীতকাল মানেই পিকনিকের মরশুম। ডিসেম্বর-জানুয়ারি এলেই রাজ্যের বিভিন্ন পিকনিক স্পটে উপচে পড়ে ভিড়। পরিবার বা বন্ধুদের সঙ্গে শীতের নরম রোদে চড়ুইভাতির আনন্দ নিতে অনেকেই ভিড় করেন বনাঞ্চল, নদীর ধারে বা পর্যটন কেন্দ্রে। আর পিকনিক মানেই মেনুতে প্রায় অবধারিতভাবে থাকে ঝাল ঝাল খাসির মাংস। তবে প্রশ্ন উঠছে, শুধু উৎসব বা পিকনিক নয়, রোজকার খাবারের তালিকায় নিয়মিত রেডমিট রাখলে তা কি আদৌ স্বাস্থ্যের পক্ষে ভালো?
রেডমিটের কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। যাঁরা রক্তাল্পতার সমস্যায় ভোগেন, তাঁদের ক্ষেত্রে রেডমিট বিশেষ উপকারী। এতে থাকা আয়রন রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। পাশাপাশি রেডমিটে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, যা শরীরের কোষ গঠন, পেশি শক্তিশালী করা এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতা উন্নত করতে সহায়ক। এছাড়াও জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, ভিটামিন ডি ও ফসফরাস হাড় ও দাঁত মজবুত রাখে।
এই বিষয়ে মেডিসিন বিশেষজ্ঞ অরিন্দম বিশ্বাস জানান, রেডমিটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা শরীরের পেশি ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। প্রোটিনের পাশাপাশি এতে রয়েছে আয়রন, জিঙ্ক, ভিটামিন বি-১২, সেলেনিয়াম, নিয়াসিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। তবে তিনি সতর্ক করে বলেন, গুণের পাশাপাশি রেডমিটের কিছু মারাত্মক দিকও রয়েছে।
বিশেষজ্ঞের মতে, শরীরের দৈনিক প্রয়োজন প্রায় ২০০ মিলিগ্রাম কোলেস্টেরল। কিন্তু রেডমিটে ১০০ থেকে ১৫০ মিলিগ্রাম পর্যন্ত কোলেস্টেরল থাকতে পারে। অতিরিক্ত রেডমিট খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, যা ধমনি ও লিভারে জমে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া অতিরিক্ত রেডমিট ডায়াবিটিস ও ক্যান্সারের সম্ভাবনাও বাড়ায় বলে মত বিশেষজ্ঞদের।
রান্নার পদ্ধতিও এখানে গুরুত্বপূর্ণ। খাসির মাংস রান্নায় অতিরিক্ত তেল ও মশলা ব্যবহার করা হলে স্বাদের সঙ্গে সঙ্গে শরীরের ক্ষতিও বাড়ে। অরিন্দম বিশ্বাসের পরামর্শ, কম তেলে ও কম মশলায় রান্না করাই ভালো। পাশাপাশি লিন মিট বা কম চর্বিযুক্ত মাংস যেমন মুরগির ব্রেস্ট খাওয়ার দিকে ঝোঁক দেওয়া উচিত।
বিশেষজ্ঞদের মতে, রেডমিট একেবারে বাদ না দিলেও পরিমাণে নিয়ন্ত্রণ জরুরি। প্রতিদিন এক থেকে দুই পিসের বেশি রেডমিট না খাওয়াই ভালো। সঙ্গে প্রোটিনের অন্যান্য উৎস যেমন ডাল, মাছ, বিনস রাখলে শরীরের ভারসাম্য বজায় থাকে। বয়স্কদের ক্ষেত্রেও রেডমিট দেওয়া যেতে পারে, তবে অতিরিক্ত ঝাল ও মশলাদার রান্না কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়াতে পারে। তাই সচেতনভাবে পরিমিত রেডমিটই হতে পারে সুস্থ থাকার চাবিকাঠি।






