খবরিয়া ২৪ ডেস্ক, ১ ফেব্রুয়ারিঃ টলিপাড়ার ‘ঠোঁটকাটা’ অভিনেত্রী হিসেবে স্বস্তিকা মুখোপাধ্যায়ের খ্যাতি নতুন নয়। বিতর্ক যেন তাঁর নিত্যসঙ্গী। সম্প্রতি ‘একাধিক প্রেম’ নিয়ে তাঁর একটি মন্তব্য ঘিরে ফের তোলপাড় সমাজমাধ্যম। নেটিজেনদের একাংশ সেই মন্তব্যকে কেন্দ্র করে নীতি পুলিশের ভূমিকায় নেমে অভিনেত্রীকে আক্রমণ শুরু করতেই, এবার ফেসবুকে সরাসরি জবাব দিলেন স্বস্তিকা।
নিজের অবস্থান স্পষ্ট করে তিনি লেখেন, “হ্যাঁ বলেছি, বেশ করেছি।” তাঁর দাবি, প্রেম নিয়ে মিডিয়া যতবার প্রশ্ন করবে, ততবারই তিনি নিজের মতো করে উত্তর দেবেন। সেই উত্তর কারও ভালো না লাগলে তিনি তা বদলাবেন না। স্বস্তিকার প্রশ্ন, মানুষ কেন একটা খিল্লি বা রসিকতাকে স্রেফ রসিকতা হিসেবে নিতে পারে না? সংবাদমাধ্যমকেও কটাক্ষ করতে ছাড়েননি অভিনেত্রী। তাঁর কথায়, এমনভাবে মন্তব্য তুলে ধরা হচ্ছে, যেন তিনি কোনও মহর্ষির বাণী দিচ্ছেন।
সমালোচকদের উদ্দেশে আরও তীব্র আক্রমণ শানিয়ে স্বস্তিকা লেখেন, “জানেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন কে? জানেন না। পড়াশোনা না করে সারাদিন কে কী বলল, কে কার সঙ্গে শুলো এই নিয়েই আলোচনা।” সমাজে প্রেম করাটাই বা কবে থেকে এত বড় অপরাধ হয়ে গেল, সেই প্রশ্নও তোলেন তিনি। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, প্রশ্ন করলে উত্তর পাওয়ার জন্য মানসিক প্রস্তুতিও রাখতে হবে।
নিজের জীবনদর্শন ব্যাখ্যা করে স্বস্তিকা জানান, তিনি কাউকে খুশি করার জন্য কথা বলেন না। তাঁর মতে, হাতে সময় থাকলে প্রেম করাই ভালো, নাহলে অপ্রয়োজনীয় বিতর্কেই সময় নষ্ট হবে। নেটিজেনদের উপদেশ দিয়ে বলেন, অন্যের পেছনে না লেগে নিজের ভালো থাকার পথ খোঁজাই বুদ্ধিমানের কাজ।
বিতর্কের মাঝেও নিজের পেশাদার কাজের কথা বলতে ভোলেননি স্বস্তিকা। জি-ফাইভে মুক্তি পাওয়া তাঁর নতুন সিরিজ ‘কালিপটকা’ দেখার কথাও মনে করিয়ে দেন। সবশেষে বিরক্তির সুরেই তিনি স্পষ্ট জানিয়ে দেন ট্র্যাকশন পাওয়ার জন্য তাঁকে ব্যবহার করা বন্ধ হোক।





