কোচবিহার, ২৬ ডিসেম্বরঃ আট দফা দাবির ভিত্তিতে শুক্রবার কোচবিহার জেলা সিএমওএইচ (CMOH) অফিসে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক আশা কর্মী এই আন্দোলনে অংশ নেন। তাঁদের হাতে ছিল দাবি সংবলিত প্ল্যাকার্ড, স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিএমওএইচ অফিস চত্বর।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে আশা ও পৌর স্বাস্থ্য কর্মীরা গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে চললেও এখনও সরকারি স্বীকৃতি থেকে বঞ্চিত। আট দফা দাবির মধ্যে অন্যতম হল পৌর স্বাস্থ্য কর্মীদের সরকারি স্বীকৃতি প্রদান এবং মাসিক ফিক্সড অনারিয়াম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। পাশাপাশি, দীর্ঘদিনের বকেয়া ইনসেনটিভ ও প্রাপ্য ভাতা অবিলম্বে পরিশোধের দাবি জানানো হয়।
আশা কর্মীদের অভিযোগ, অতিমারী থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে তাঁরা ঝুঁকি নিয়ে কাজ করলেও ন্যায্য পারিশ্রমিক ও সামাজিক সুরক্ষা পান না। তাঁদের মতে, সরকারের কাছে বারবার আবেদন জানানো হলেও বাস্তব সমস্যাগুলির কোনও স্থায়ী সমাধান মেলেনি।
বিক্ষোভকারীরা জানান, দ্রুত তাঁদের দাবিগুলি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। আন্দোলন শেষে একটি স্মারকলিপি জেলা স্বাস্থ্য দফতরের কাছে জমা দেওয়া হয়। এই আন্দোলনের জেরে কিছু সময়ের জন্য সিএমওএইচ অফিস চত্বরে উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।





