কলকাতা, ১২ অক্টোবরঃ ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের তলব, তবু নির্ধারিত সময়ে থানায় হাজিরা দিলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুরকর্মী ও পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়া এবং হেনস্তার অভিযোগে সোমবার সকাল ১০টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও থানায় যাননি অভিষেক। বদলে, আরও ৪৮ ঘণ্টা সময় চেয়ে পুলিশকে ইমেল পাঠান তিনি। এর পরেই ফের তাঁর বাড়িতে পৌঁছে যায় পুলিশ। বুধবার হাজিরার নির্দেশ দিয়ে নতুন নোটিস দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে।
ঘটনার সূত্রপাত গত ২৭ অগস্ট। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে লাগানো একটি বিলবোর্ড খুলতে গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। কলকাতা পুরসভার দাবি, বিলবোর্ডটি বেআইনি। সেটি খুলতে গেলে অফিসের নিরাপত্তারক্ষীদের সঙ্গে পুলিশ ও পুরকর্মীদের বচসা এবং ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। এমনকি, পুলিশকর্মীদের মারধর এবং পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। ধস্তাধস্তিতে কয়েক জন পুলিশকর্মী সিঁড়িতে পড়ে যান বলেও অভিযোগ। শেষ পর্যন্ত অবশ্য বিলবোর্ডটি খুলে দেয় পুরসভা।
এই ঘটনার পরেই পুরকর্মী ও পুলিশকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। কলকাতা পুরসভার তরফে অভিষেকের বিরুদ্ধে তিনটি মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে পুরসভার দায়ের করা একটি মামলায় তাঁকে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। এ বার অন্য একটি এফআইআরের ভিত্তিতে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস পাঠানো হয়।
রবিবার অভিষেকের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছিল পুলিশ। তাতে সোমবার সকাল ১০টায় থানায় হাজির হওয়ার নির্দেশ ছিল। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও হাজিরা না দেওয়ায় ফের তাঁর বাড়িতে যায় পুলিশের দল। বুধবারের নতুন নোটিসে তিনি সাড়া দেন কি না, এখন সেটাই দেখার।
তবে হাজিরার জন্য অতিরিক্ত সময় চেয়ে অভিষেকের ইমেল পাঠানোর বিষয়টি সামনে আসায় তদন্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আপাতত পুলিশের নতুন নির্দেশের পর তৃণমূল সাংসদের অবস্থানের দিকেই নজর রাজনৈতিক মহলের।





