শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ “বাংলায় বাবরি মসজিদ হতে দেবো না”-এই দাবিকে সামনে রেখে প্রতিবাদে সরব হল বঙ্গীয় হিন্দু মহাসমাজ। সংগঠনের পক্ষ থেকে রাস্তার উপর বসে অবরোধ এবং কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, ‘বাবরি’ নাম ব্যবহার করে কোনও মসজিদ নির্মাণ বা নামকরণ বাংলায় মেনে নেওয়া হবে না।
বিক্ষোভকারীদের দাবি, ‘বাবরি’ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি অত্যন্ত সংবেদনশীল ও বিতর্কিত ইতিহাস, যা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে। সংগঠনের কনভেনার ননী ধর এক প্রতিক্রিয়ায় বলেন, “বাংলায় কোনওভাবেই বাবরি মসজিদ হতে দেব না। অন্য যেকোনও নামে তারা মসজিদ করতে পারে, তাতে আমাদের আপত্তি নেই। তবে ‘বাবরি’ নাম নিয়ে কোনও মসজিদ হতে দেব না।” তাঁর দাবি, বাংলার শান্ত পরিবেশ বজায় রাখতে এই বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া প্রয়োজন।
বিক্ষোভস্থলে হুমায়ুন কবিরের কুশপুতুল দাহ করা হয় বলেও জানা গেছে। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে নিজেদের মত প্রকাশ করছেন। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ইঙ্গিতও দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রশাসনিক সূত্রে খবর, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। কোনওভাবেই যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়, সে বিষয়ে পুলিশ ও প্রশাসন সতর্ক রয়েছে। সব পক্ষকেই সংযত থাকার আহ্বান জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।





