আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ডাবগ্রাম-ফুলবাড়ীতে “কার্যালয়ের বৈধ নথি আমাদের কাছেই আছে” বিজেপির বিরুদ্ধে অভিযোগ গৌতম দেবের

Published on: May 19, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ১৯ মেঃ শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ী এলাকায় একটি পার্টি অফিসের মালিকানা ও দখলকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের দখলে থাকা একটি দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে তালা ভেঙে ভেতরের সামগ্রী নষ্ট করেছে বিজেপি কর্মীরা। এরপরই ওই কার্যালয় নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের।
অন্যদিকে বিজেপির তরফে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি জানিয়েছেন, ওই জমি ও কার্যালয় একসময় তাঁকে দান করা হয়েছিল। সেই কারণেই কার্যালয়ের উপর তাঁদের বৈধ অধিকার রয়েছে বলে দাবি বিজেপির।

মঙ্গলবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে সরব হন গৌতম দেব। তিনি জানান, সংশ্লিষ্ট কার্যালয়ের সমস্ত বৈধ নথি, ডিড এবং জমি সংক্রান্ত কাগজপত্র তৃণমূল কংগ্রেসের কাছেই রয়েছে। তাঁর দাবি, “ওই কার্যালয় তৃণমূল কংগ্রেসকেই দান করা হয়েছিল। বিজেপি জোর করে তালা ভেঙে দখল নেওয়ার চেষ্টা করেছে।”
গৌতম দেব আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তাঁর কথায়, “গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক লড়াই করার বদলে ভয় দেখিয়ে দখলদারি করার চেষ্টা চলছে।” ঘটনায় ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস বলেও জানান তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, পার্টি অফিস ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে বচসা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে।

বিজেপির পক্ষ থেকে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। শিখা চ্যাটার্জির দাবি, “যে সম্পত্তি আইনিভাবে আমাদের নামে দান করা হয়েছে, তা নিজেদের দখলে নেওয়ার মধ্যে অন্যায় কিছু নেই।” পাশাপাশি তৃণমূল রাজনৈতিকভাবে বিষয়টিকে রং দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জায়গায় পার্টি অফিস, জমি এবং সংগঠন দখলকে কেন্দ্র করে সংঘাত বাড়ছে। ডাবগ্রাম-ফুলবাড়ীর ঘটনাও সেই বৃহত্তর রাজনৈতিক সংঘর্ষেরই অংশ বলে মনে করা হচ্ছে।

এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে। পুলিশ তদন্তের পর জমি ও কার্যালয়ের প্রকৃত মালিকানা নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment