কলকাতা, ৯ মেঃ প্রকাশিত হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮, শতাংশের হিসেবে যা ৯৯.৭১। ফল প্রকাশের পর থেকেই অভিরূপকে ঘিরে খুশির হাওয়া পরিবার, স্কুল ও জেলাজুড়ে।
এবারের মাধ্যমিকের মেধাতালিকায় মোট ১৩১ জন স্থান পেয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে বীরভূমের সরোজিনীদেবী সরস্বতী শিশু বিদ্যামন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তার প্রাপ্ত নম্বর ৬৯৬। তৃতীয় স্থানে রয়েছে তিনজন পরীক্ষার্থী দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌর জানা, বাঁকুড়ার খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের মৈনাক মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দিরের অঙ্কনকুমার জানা। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৬৯৫।
চতুর্থ স্থানে রয়েছে চারজন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পূর্ব মেদিনীপুরের অরিজিৎ বর, বাঁকুড়ার রোম কর্মকার, রায়গঞ্জের সৌদীপ দাস এবং সোহম জোয়ারদার উল্লেখযোগ্য। পঞ্চম স্থানে সাতজন জায়গা করে নিয়েছে। এদের মধ্যে উত্তর দিনাজপুরের বেদাশ্রুতি সিনহা ও সমন্বয় দেবনাথ, আলিপুরদুয়ারের স্বরূপ কাঁথা, দক্ষিণ দিনাজপুরের আয়ুষ সাহা ও অরণ্য সরকার বিশেষভাবে নজর কেড়েছে।
ষষ্ঠ স্থানে রয়েছে ১৪ জন পরীক্ষার্থী। কোচবিহারের রৌণক মিত্র, দীপ্তরাগ নাথ ও শুচিস্মিতা পণ্ডিত, আলিপুরদুয়ারের দেবাদৃত সরকার, সোনারপুরের বিদিশা হালদারদের সাফল্য প্রশংসিত হয়েছে। সপ্তম স্থানেও একাধিক জেলার ছাত্রছাত্রী কৃতিত্বের ছাপ রেখেছে। দিনহাটার স্নেহস্মিতা বর্মন, রায়গঞ্জের দিয়া পাল এবং কালিয়াগঞ্জের মহাকাশ রায় উত্তরবঙ্গের মুখ উজ্জ্বল করেছে।
অষ্টম স্থান অধিকার করেছে ১০ জন পরীক্ষার্থী। দক্ষিণ ২৪ পরগনার জীবিতেশ কয়াল, পূর্ব মেদিনীপুরের সৌম্যকান্তি কুইল্যা, বাঁকুড়ার শুভ্রনীল শিট, বীরভূমের শর্মিষ্ঠা গড়াইদের নাম উল্লেখযোগ্য।
এবারের ফলাফলে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য সাফল্য বিশেষভাবে চোখে পড়েছে। পাশাপাশি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, তমলুক হ্যামিলটন হাই স্কুল, সারদা বিদ্যামন্দিরের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলি ধারাবাহিকভাবে মেধাতালিকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে। ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আনন্দ উদযাপন।





