জলপাইগুড়ি, ১৬ ডিসেম্বর : তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল দল। মঙ্গলবার ধূপগুড়িতে দশটি টোটো সুসজ্জিত করে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের তথ্য গান ও সুরের মাধ্যমে প্রচার শুরু করা হয়।
‘পথের পাঁচালী’সংগীতের আদলে উন্নয়নের তথ্যভিত্তিক গান বাজিয়ে, উন্নয়নের পাঁচালী টোটো গুলি ধূপগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরবে বলে জানানো হয়েছে।এদিন ধূপগুড়ি ডাকবাংলো থেকে আনুষ্ঠানিকভাবে ‘পথের পাঁচালী রথযাত্রা’র সূচনা করেন ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মল চন্দ্র রায়।
তিনি জানান, মানুষের কাছে সরাসরি উন্নয়নের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক রাজেশ কুমার সিং, গ্রামীণ ও শহর যুব কংগ্রেসের সভাপতিরা, তৃণমূল ধূপগুড়ি বিধানসভা কোর কমিটির সদস্য অনিতা সিংহ রায়সহ দলের অন্যান্য নেতৃত্ব ও সমর্থকেরা।





