কলকাতা, ৪ মেঃ ভোট গণনার দিন রাজ্য রাজনীতিতে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হল সোমবার বিকেলে। সামগ্রিক ফলাফলে তৃণমূল কংগ্রেস কিছুটা পিছিয়ে পড়লেও ভবানীপুর কেন্দ্র থেকে এগিয়েই রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। ঠিক এমন সময়েই আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি, গন্তব্য শাখাওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্র।
সূত্রের খবর, ভবানীপুরে ১২ রাউন্ড গণনা শেষ হওয়ার পর প্রায় ৪৫ মিনিট কোনও ফলাফল ঘোষণা করা হয়নি। পাশাপাশি তৃণমূলের কাউন্টিং এজেন্টকে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। এই খবর পেতেই পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই সেখানে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। যদিও তিনি বাংলার মানুষের উপর আস্থা রাখার কথাও বারবার জানিয়েছেন। এদিন গণনার শুরুতে তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা পিছিয়ে পড়ে তৃণমূল।
তবে ভবানীপুরে নিজের আসনে এগিয়ে থাকা এবং হঠাৎ গণনা ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।





