কলকাতা, ২২ মেঃ গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তাঁর আইনজীবী রক্ষাকবচের আবেদন জানান। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। আগামী ২৬ মে মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি ভোটের ফল প্রকাশের পর সমাজমাধ্যমে দিলীপ মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে তাঁকে বিরোধীদের উদ্দেশে কড়া মন্তব্য করতে শোনা যায়। ভিডিওতে তিনি বলেন, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না।” পাশাপাশি বিজেপিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতেও দেখা যায় তাঁকে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয় এবং তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়।
এরপর গত ১৪ মে সকালে দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ ও র্যাাফ। বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। তল্লাশি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, ওই বাড়িতে একাধিক দামী গাড়ি, সুইমিং পুল, দোলনা-সহ বিলাসবহুল সাজসজ্জা নজরে আসে। এমনকি বাড়ির ভিতরে একটি কৃত্রিম গুহাও রয়েছে বলে জানা গিয়েছে। অভিযানের পর থেকেই বেপাত্তা রয়েছেন বিধায়ক।
এদিকে গত ১৭ মে বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলের খোঁজে বকখালি ও ফ্রেজারগঞ্জ এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের টাস্ক ফোর্স ও ডায়মন্ড হারবার জেলা পুলিশ। অর্ঘ্য-সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। এলাকায় অশান্তি তৈরির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এই আবহেই আইনি সুরক্ষার জন্য হাই কোর্টের দ্বারস্থ হলেন দিলীপ মণ্ডল।





