শিলিগুড়ি, ১৯ মেঃ শিলিগুড়ির বর্ধমান রোডের নবনির্মিত ফ্লাইওভার শীঘ্রই উদ্বোধনের পথে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সোমবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ ফ্লাইওভারের ট্রায়াল রান সম্পন্ন করেছে। ট্রায়াল রানের মাধ্যমে যান চলাচলের উপযোগিতা এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে।
ফ্লাইওভার পরিদর্শনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার, ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ, এডিসিপি ট্রাফিক পূর্ণিমা শেরপা, এসিপি, PWD-এর ইঞ্জিনিয়ার এবং অন্যান্য ট্রাফিক বিভাগের আধিকারিকরা। তারা ফ্লাইওভার ঘুরে দেখে কোথায় ট্রাফিক সিগন্যাল বসানো যায় এবং কোথায় রাস্তা ডাইভার্ট করা সম্ভব, সেই বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনের পর ছোট গাড়ি থেকে বড় যানবাহন পর্যন্ত বিভিন্ন ধরনের যানবাহন ফ্লাইওভারের উপর দিয়ে চালিয়ে কার্যকারিতা পরীক্ষা করা হয়। সূত্রের খবর, দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর শংকর ঘোষ দ্রুত ফ্লাইওভার চালুর জন্য পুলিশ কমিশনারের কাছে আবেদন করেছিলেন।
আগামী ২০ মে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই দিন ফ্লাইওভার উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ডিসিপি ট্রাফিক কাজী শামসুদ্দিন আহমেদ জানান, ফ্লাইওভার পরিদর্শনের বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। পরবর্তীতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, কখন এটি চালু করা সম্ভব।





