খবরিয়া ২৪ ডেস্ক, ৩ মেঃ সোশ্যাল মিডিয়ার জন্য রিল বানাতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলা। স্থানীয় একটি পুরনো জলের ট্যাঙ্কে উঠতে গিয়ে পাঁচ যুবকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। অন্যদিকে, ট্যাঙ্কের মাথায় আটকে পড়া দুই যুবককে প্রায় ১৬ ঘণ্টা পর নাটকীয়ভাবে উদ্ধার করল বায়ুসেনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে কাশিরাম আবাসিক কলোনির একটি জং ধরা পুরনো জলের ট্যাঙ্কে উঠে রিল বানানোর পরিকল্পনা করে পাঁচ যুবক। কিন্তু ওঠার সময় ট্যাঙ্কের সিঁড়ির একাংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে তিন জন নিচে পড়ে যান। তাঁদের মধ্যে সিদ্ধার্থ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় শানি ও গোলুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা মাধব প্রসাদ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
এদিকে, পবন ও কাল্লু নামে দুই যুবক কোনওভাবে ট্যাঙ্কের উপরে উঠে গেলেও পরে আর নিচে নামতে পারেননি। নিচে নামার কোনও পথ না থাকায় তাঁরা ট্যাঙ্কের মাথাতেই আটকে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)। তাঁদের নামানোর জন্য বিকল্প সিঁড়ি তৈরির চেষ্টা করা হলেও প্রবল বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে জেলা প্রশাসন বায়ুসেনার সাহায্য চায়। এরপর প্রায় ১৬ ঘণ্টা পর বায়ুসেনার একটি হেলিকপ্টার এসে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১৫ মিনিটের অপারেশনে দড়ির সাহায্যে দুই যুবককে কপ্টারে তুলে নিরাপদে নামানো হয়। উদ্ধার হওয়া দুই তরুণ বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ার জন্য ঝুঁকিপূর্ণ ভিডিও বানানোর প্রবণতা নিয়ে। বায়ুসেনার এই উদ্ধার অভিযানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।





