শিলিগুড়ি, ২৪ মেঃ বাগডোগরায় এশিয়ান হাইওয়ে-২ এ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ের কাছে ঘটনাটি ঘটে। মৃত মহিলার নাম শ্রেয়া দেবী। তিনি বাগডোগরা মসজিদ পাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সকালে রাস্তার মাঝ বরাবর ডিভাইডারের কাছে ফুল তুলতে গিয়েছিলেন ওই মহিলা। সেই সময় পানিঘাটা মোড়ের দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানা-র পুলিশ ও ট্রাফিক গার্ডের কর্মীরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ পাঠায়।
অন্যদিকে, দুর্ঘটনার পর ট্রাক চালক নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৃতার পরিবার। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।





