শিলিগুড়ি, ১৪ মেঃ শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে এবার এক অভিনব উদ্যোগে ট্রাফিক সচেতনতার বার্তা দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও ট্রাফিক গার্ড। পথচলতি বাইক আরোহী থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য।
রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং “যমরাজ” সেজে এক ব্যক্তি, আর হেলমেটবিহীন বাইক আরোহীদের থামিয়ে তাদের সচেতন করা হচ্ছে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য। এই অভিনব উদ্যোগ মুহূর্তের মধ্যেই পথচলতি মানুষের নজর কেড়েছে।
প্রতিনিয়ত শহরের রাস্তায় বহু বাইক আরোহীকে হেলমেট ছাড়াই যাতায়াত করতে দেখা যায়। এর ফলে ঘটছে একাধিক দুর্ঘটনা, এমনকি প্রাণহানির ঘটনাও সামনে এসেছে বহুবার। সেই কারণেই সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে আরও সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় উদ্যোগ নিতে দেখা যায় ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।
তবে আজকের এই উদ্যোগ ছিল একেবারেই অন্যরকম। “যমরাজ”-এর মাধ্যমে মৃত্যুর ঝুঁকির বার্তা তুলে ধরে হেলমেট ব্যবহারের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয় সাধারণ মানুষকে। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসে পুলিশের এই ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে বহু মানুষের।





