খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ডিসেম্বরঃ ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ ও কৌতূহল বাড়াতে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল শিলিগুড়ির ৩০ নম্বর ওয়ার্ডে অবস্থিত তরাই তারাপদ আদর্শ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রদের নিয়ে শিলিগুড়ি শহর সংলগ্ন সায়েন্স সিটিতে এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়। এই ভ্রমণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পড়ুয়ারাও অংশ নেয়।
যাত্রা শুরুর আগে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি সাথী দাস ছাত্রদের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন ছাত্রদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পরে সায়েন্স সিটিতে ছাত্রদের সঙ্গে যোগ দেন শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি দিলীপ কুমার রায়।
সায়েন্স সিটিতে বিজ্ঞানের নানা অজানা ও আকর্ষণীয় বিষয় সরাসরি দেখে ও বুঝে ছাত্রদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায়। বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী ও বিভিন্ন মডেল ছাত্রদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিন মণ্ডল জানান, ছাত্রদের সার্বিক বিকাশের লক্ষ্যে প্রতি বছরই এই ধরনের শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হবে। শিলিগুড়ি প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি দিলীপ কুমার রায় এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ছাত্রদের উৎসাহ দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আশাবাদী,শহরের অন্যান্য স্কুলগুলিও ভবিষ্যতে এমন শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করবে।





