শিলিগুড়ি, ২৩ মার্চঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়িতে জোরদার নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় রুট মার্চ করলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। তাঁর সঙ্গে ছিলেন ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ-সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।
এদিন আধাসামরিক বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের ব্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেন কমিশনার। রুট মার্চের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া এবং যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি তুলে ধরা। রাস্তায় নামা বাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আস্থার পরিবেশ তৈরি হয়েছে বলে মনে করছে প্রশাসন।
রুট মার্চ চলাকালীন কমিশনার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ শোনেন। তিনি আশ্বাস দেন, নির্বাচনের সময় যাতে কোনওরকম অশান্তি না ঘটে, সেদিকে প্রশাসন সর্বদা নজর রাখছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শহরের সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সিসিটিভি পর্যবেক্ষণ, অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিয়মিত টহলদারির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন যত এগিয়ে আসবে, ততই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। প্রয়োজনে আরও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর শিলিগুড়ি পুলিশ প্রশাসন।





