মালদা, ৩মেঃ মালদা জেলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনায় জমে উঠেছে টানটান লড়াই। জেলার মোট ১২টি বিধানসভা আসনের মধ্যে বর্তমানে ৭টিতে এগিয়ে রয়েছে বিজেপি, আর ৫টিতে লিড ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিভিন্ন কেন্দ্রে রাউন্ডভিত্তিক ফলাফলে ক্রমেই স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সমীকরণ।
রতুয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিষেক সিংহানিয়া পঞ্চম রাউন্ড শেষে ১৩,৭৮২ ভোটে এগিয়ে। মালদা কেন্দ্রে বিজেপির গোপাল সাহা তৃতীয় রাউন্ডে ২,৮৯৫ ভোটে লিডে রয়েছেন। অন্যদিকে মলতীপুরে তৃণমূলের আবদুর রহিম বক্সি ৪,৮৯৫ ভোটে এগিয়ে, চাঁচলে প্রসুন ব্যানার্জী, ৭,০৬৯ ভোটে লিডে।
হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের মতিবুর রহমান ১৪,৮২৮ ভোটে এগিয়ে। মানিকচকে বিজেপির গৌরচন্দ্র মন্ডল ১৮,৯৯২ ভোটে লিডে। সুজাপুরে তৃণমূলের সাবিনা ইয়াসমিন ১৮,৩৮৬ ভোটে এগিয়ে রয়েছেন।
এছাড়া গাজোলে বিজেপির প্রসেনজিৎ দাস, মোথাবাড়িতে নিবারণ ঘোষ, বৈষ্ণবনগরে রাজু কর্মকার, ইংরেজবাজারে অম্লান ভাদুড়ী এবং হবিবপুরে জুয়েল মুর্মু নিজ নিজ কেন্দ্রে এগিয়ে রয়েছেন।
যদিও এখনও একাধিক রাউন্ডের গণনা বাকি, তবুও প্রাথমিক এই ফলাফল মালদায় জোরদার রাজনৈতিক লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এখন নজর চূড়ান্ত ফলাফলের দিকে।





