মালদা, ২ মার্চঃ মালদায় রেল পুলিশের তৎপরতায় ধরা পড়লেন তিন বাংলাদেশি মহিলা। সোমবার গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস-এ তল্লাশি চালানোর সময় তাঁদের আটক করে মালদা জিআরপি। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয় তিনজনকেই।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন মহিলার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। ট্রেনে তাঁদের আচরণে সন্দেহ হওয়ায় কর্তব্যরত রেল পুলিশকর্মীরা জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তাঁরা নিজেদের পরিচয় গোপন করার চেষ্টা করলেও পরে স্বীকার করেন যে তাঁরা দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছেন।
জেরায় ধৃতরা জানান, কাজের সন্ধানে তাঁরা সিলেট সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। সেখান থেকে বিভিন্ন জায়গা ঘুরে তাঁরা বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেসে ওঠেন। বেঙ্গালুরুতে গৃহকর্মীর কাজের আশায় রওনা দিয়েছিলেন বলেও দাবি করেন তাঁরা। রেল পুলিশের দাবি, বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারতে প্রবেশ করায় তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ শুরু হয়েছে। এই ঘটনায় কোনও পাচারচক্র বা দালাল জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হবে বলে জানা গিয়েছে।
এবিষয়ে মালদা জিআরপি আইসি প্রশান্ত রায় জানান, নিয়মিত নজরদারির অংশ হিসেবেই ট্রেনে তল্লাশি চালানো হচ্ছিল। সন্দেহভাজন মনে হওয়ায় তিন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে গ্রেফতার করা হয়। তদন্ত চলছে। ওই ঘটনাকে ঘিরে মালদা স্টেশন এলাকায় চাঞ্চল্য ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।





