নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এ বার পৌঁছল বিধানসভার অন্দরে। সোমবার অধিবেশন চলাকালীন বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে নওদার আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া ভাষায় সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, আইন নিজের পথে চলবে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না। একই সঙ্গে জানালেন, ইতিমধ্যেই দুটি ঘটনায় এফআইআর দায়ের হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
অধিবেশনের শুরুতেই বিষয়টি উত্থাপন করেন কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ। পরে পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষের আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশে সংবিধান ও আইনই শেষ কথা বলে। কোনও ব্যক্তি নয়।” হুমায়ুন কবীরকে উদ্দেশ করে তাঁর মন্তব্য, “এটাই আপনার শেষ বক্তব্য। এ ভাবে আর বেপরোয়া মন্তব্য করতে দেব না।”
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তিনি মুর্শিদাবাদ সফরে যাবেন এবং প্রশাসনকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, হুমায়ুন কবীরের সাম্প্রতিক মন্তব্যের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। স্থানীয় পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণ বদলানো এবং আসন্ন নির্বাচনের আগে নির্দিষ্ট ভোটব্যাঙ্ককে প্রভাবিত করতেই এই ধরনের মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি এক জনসভায় হুমায়ুন কবীরের ‘স্যাটাভাঙা মার’ মন্তব্য ঘিরে প্রবল বিতর্ক তৈরি হয়। পরে আর একটি সভাতেও তিনি পুলিশের বিরুদ্ধে কড়া মন্তব্য করেন। সেই দুই বক্তব্যের জেরেই তাঁর বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে বলে সরকার জানায়।
বিধানসভার এই বিতর্কে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। রাজনৈতিক মহলের মতে, শুধু বিতর্কিত মন্তব্য নয়, আইন-শৃঙ্খলা এবং রাজনৈতিক ভাষার সীমারেখা নিয়েও নতুন করে আলোচনা শুরু হল রাজ্যের বিধানসভায়।





